বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, গত আট মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অর্থ দিয়ে সরকার দেশের বিভিন্ন দেনা শোধ করেছে। কাতারের দোহায় এক মতবিনিময় সভায় তিনি বলেন, “এই বিপদের দিনে আপনারা পাশে না দাঁড়ালে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারতো না।”তিনি জানান, কাতারের কাছে ২৫৪ মিলিয়ন ডলারের দেনা ছিল, যা প্রধান উপদেষ্টার সফরের আগে পরিশোধ করা হয়েছে। জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “স্যারের যেন মুখ থাকে, সেই চিন্তা থেকেই সব টাকা পরিশোধ করে দিয়েছি।” তিনি আরও বলেন, এই পরিশোধ সম্ভব হয়েছে প্রবাসীদের পাঠানো অর্থে।এসময় তিনি জানান, ৮ মাসে ৩.২ বিলিয়ন ডলারের বকেয়া কমিয়ে ৬০০ মিলিয়নে আনা হয়েছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে এবং আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনার ভিত্তি শক্তিশালী হয়েছে। অনুষ্ঠানে প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন প্রধান উপদেষ্টার সামনে।
——–
সূত্র : ঢাকা ট্রিবিউন
——–
