আগামীকাল ৫ আগস্ট সারাদেশে উদযাপিত হতে যাচ্ছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। এ উৎসব সফল করতে সব ব্যাংককে শোভাযাত্রায় অংশগ্রহণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই উৎসবের অংশ হিসেবে বিজয় সরণি, তেজগাঁও ও নভোথিয়েটার এলাকায় দুপুর ১টার দিকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সেখানে সরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, “আপনাদের নিজ নিজ ব্যাংকের ব্যানারে শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।” এই নির্দেশ পাওয়ার পর থেকেই ব্যাংকগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। ইতোমধ্যে বেশিরভাগ ব্যাংক তাদের নিজস্ব ব্যানার তৈরি করছে এবং ঢাকাস্থ প্রধান কার্যালয় ও কিছু শাখার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণ নিশ্চিত করছে।মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান জানান, “আমরা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে এ–সংক্রান্ত চিঠি পেয়েছি এবং আমাদের একটি টিম শোভাযাত্রায় অংশ নেবে। প্রস্তুতিও চলছে।”এই উদ্যোগের পেছনে মূল উদ্দেশ্য হলো তরুণদের মাঝে উদ্দীপনা সৃষ্টি, সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং দেশের অর্থনৈতিক খাতকে তারুণ্যের শক্তির সঙ্গে সম্পৃক্ত করা। তরুণ প্রজন্মকে উজ্জীবিত করতে রাষ্ট্রীয় উদ্যোগের অংশ হিসেবে এই আয়োজনকে সামনে রেখে ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা হয়েছে।উল্লেখ্য, এর আগেও বিভিন্ন জাতীয় কর্মসূচিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। তবে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ এমন এক আয়োজন, যেখানে তরুণদের কেন্দ্রবিন্দুতে রেখে প্রশাসনিক অংশগ্রহণ বিশেষ গুরুত্ব পাচ্ছে।
সূত্র : ঢাকা ট্রিবিউন
