Falcon Feed

জুলাই সনদের আইনি ভিত্তি খুঁজতে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় ঐকমত্য কমিশন

জুলাই সনদের আইনি ভিত্তি খুঁজতে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় ঐকমত্য কমিশন

জুলাই জাতীয় সনদের আইনি বাধ্যবাধকতা নিশ্চিতকরণ ও কার্যকর বাস্তবায়নের জন্য একটি শক্তিশালী কাঠামো নির্ধারণে উদ্যোগ নিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন (এনসিসি)। এই লক্ষ্যে কমিশন আইন ও সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করেছে। সর্বশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় রবিবার (১০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের এলডি হলে। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আলোচনায় অংশ নেন অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্ট বিচারপতি এম এ মতিন, বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার তানিম হোসেন শাওন ও ব্যারিস্টার ইমরান সিদ্দিক। বিশেষজ্ঞরা জুলাই সনদের আইনগত বৈধতা, সাংবিধানিক প্রভাব এবং বাস্তবায়ন কাঠামো নিয়ে মতামত প্রদান করেন।কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বাদিউল আলম মজুমদার, সাফর রাজ হোসেন ও ড. মোঃ আয়ুব মিয়া উপস্থিত ছিলেন। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও আলোচনায় অংশ নেন।আলোচনায় কমিশন জানায়, জুলাই সনদকে কার্যকর ও আইনি ভিত্তিতে শক্তিশালী করতে হলে প্রথমে এর আইনি কাঠামো ও সাংবিধানিক অবস্থান স্পষ্ট করা প্রয়োজন। এজন্য বিশেষজ্ঞদের মতামত সংগ্রহ করে একটি সুস্পষ্ট প্রস্তাবনা প্রণয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। কমিশন আশা করছে, এই প্রক্রিয়ার মাধ্যমে সনদের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা যাবে, যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।সভায় অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা প্রস্তাব দেন যে, সনদের ভাষা, উদ্দেশ্য ও প্রয়োগ পদ্ধতি স্পষ্ট করা হলে এটি ভবিষ্যতে নীতি-নির্ধারণে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।

সূত্র : ঢাকা ট্রিবিউন

Related Articles