Falcon Feed

ফেনী পুলিশ লাইন্সে সহকর্মীর বঁটির কোপে আনসার সদস্য গুরুতর আহত, হামলাকারী গ্রেপ্তার

ফেনী পুলিশ লাইন্সে সহকর্মীর বঁটির কোপে আনসার সদস্য গুরুতর আহত, হামলাকারী গ্রেপ্তার

ফেনী পুলিশ লাইন্সে সহকর্মীর বঁটির কোপে গুরুতর আহত হয়েছেন মো. রহমত আলী (৫৪) নামে এক বিশেষ আনসার সদস্য। বুধবার (১৩ আগস্ট) দুপুরে পুলিশ লাইন্স মেসে এ ঘটনা ঘটে। আহত রহমত আলী খুলনার ভাটিয়াঘাটা এলাকার বাসিন্দা, আর অভিযুক্ত আলী মনোয়ার হোসেন (৫৫) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গেছে, ফেনী পুলিশ লাইন্সে দায়িত্বরত বিশেষ আনসারের দুই সদস্য দুপুরে মেসে খাবার খেতে গেলে তাঁদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে অভিযুক্ত আলী মনোয়ার মেসের তরকারি কাটার জন্য রাখা বঁটি দিয়ে রহমত আলীকে কুপিয়ে জখম করেন। সহকর্মীরা দ্রুত আহতকে উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ঘটনার পরপরই পুলিশ হামলাকারী আলী মনোয়ারকে আটক করে। ফেনী পুলিশ লাইন্স মেস ম্যানেজার নায়েক সুব্রত দাস বাদী হয়ে ফেনী মডেল থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর গ্রেপ্তারকৃত আলী মনোয়ারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান জানান, আহত আনসার সদস্য বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় হামলাকারীকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।এ ঘটনার পর পুলিশ লাইন্সে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সতর্কতা জোরদার করা হয়েছে। সহকর্মীদের মধ্যে এমন সহিংসতার ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র : ঢাকা ট্রিবিউন

Related Articles