রাজধানীর বনানীর ১১ নম্বর রোডে “৩৬০ ডিগ্রি” নামের একটি সিসা বারে কথা-কাটাকাটির জেরে রাহাত হোসেন রাব্বি (৩১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে বারের সিঁড়িতে এ ঘটনা ঘটে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, রাব্বিকে প্রথমে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয় এবং পরে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পুলিশ জানায়, হত্যাকারীরা রাব্বির পূর্বপরিচিত এবং নিয়মিত ওই সিসা বারে যেতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বারের সিঁড়ি দিয়ে নামার সময় মুন্না নামে এক যুবকসহ ছয়-সাতজনের সঙ্গে রাব্বির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা রাব্বিকে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো চাকু দিয়ে বাম উরুতে তিনবার ও ডান হাতের কনুইতে একবার আঘাত করে।গুরুতর রক্তক্ষরণের ফলে রাব্বির মৃত্যু হয়। নিহত রাব্বি মহাখালী হাজারী বাড়ির বাসিন্দা ছিলেন। ঘটনাস্থলে গিয়ে বনানী থানা পুলিশ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান চালাচ্ছে।এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি পূর্বপরিচিতদের মধ্যে বিরোধের জের বলেই মনে হচ্ছে। তবে সিসা বারের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত চলছে। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে পুলিশ বলছে, দ্রুত সময়ের মধ্যে আসামিদের আটক করা হবে।
সূত্র : ঢাকা ট্রিবিউন
