Falcon Feed

দিনেদুপুরে জুমার নামাজে গিয়ে পুলিশের মোটরসাইকেল চুরি!

দিনেদুপুরে জুমার নামাজে গিয়ে পুলিশের মোটরসাইকেল চুরি!

ঝিনাইদহের সদর উপজেলার বংকিরা গ্রামে ঘটে গেছে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা। শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে জুমার নামাজের সময় সায়াদাতিয়া বায়তুল মামুর জামে মসজিদের বাইরে থেকে পুলিশের একটি মোটরসাইকেল চুরি হয়ে যায়।

ভুক্তভোগী বংকিরা পুলিশ ফাঁড়ির কনস্টেবল জুয়েল জানান, তিনি নামাজ আদায়ের জন্য মসজিদের বাইরে তার এফজেড মডেলের মোটরসাইকেলটি রেখে যান। কিন্তু নামাজ শেষে বাইরে এসে দেখেন, মোটরসাইকেলটি নেই।

মসজিদ কমিটির সভাপতি হায়দার আলী জোয়ারদার বলেন, “মুহূর্তের মধ্যে চোরেরা মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে গেছে। শুধু তাই নয়, তারা আরও একটি সাইকেলের তালা নষ্ট করে গেছে। মসজিদ থেকে মোটরসাইকেল চুরি অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক ঘটনা।”

এ ঘটনায় আরও বিস্ময়ের বিষয় হলো, বংকিরা পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা এএসআই আলমগীর হোসেনও ওই সময় মসজিদে উপস্থিত ছিলেন। তিনি জানান, “সম্ভবত নামাজের সময়ই চোরেরা সুযোগ নিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে। ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে আশপাশের পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়েছে এবং এলাকায় তল্লাশি চলছে।”

স্থানীয়দের মতে, এ ধরনের ঘটনা শুধু নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাই প্রকাশ করে না, বরং জনমনে আতঙ্কও বাড়িয়ে দেয়। বিশেষ করে পবিত্র জুমার নামাজের সময় চুরি হওয়া সমাজের নৈতিক অবক্ষয়ের এক তীব্র উদাহরণ।

Source: Somoynews

Related Articles