ওপার বাংলার জনপ্রিয় নায়ক দেব ও নায়িকা শুভশ্রী একসময় ছিলেন বাস্তব জীবনের প্রেমিক-প্রেমিকা। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর দীর্ঘ সময় আলাদা থেকেছেন তারা। অবশেষে ১০ বছর পর ‘ধূমকেতু’ সিনেমার মুক্তি উপলক্ষে এক মঞ্চে দেখা মিলল এই দুই তারকার। ২০১৪ সালে শ্যুট করা কৌশিক গাঙ্গুলীর এই ছবিটি নানা জটিলতার কারণে এতদিন মুক্তি পায়নি। অবশেষে চলতি আগস্টে ছবিটি প্রেক্ষাগৃহে আসতেই দেব-শুভশ্রী একসঙ্গে ছবির প্রচারে অংশ নেন।মঞ্চে দু’জনকে দেখা যায় হাসি-ঠাট্টা করতে, এমনকি একে অপরকে ইনস্টাগ্রামে আনব্লক করে ফলোও করতে। দর্শকের মনে অনেক প্রশ্ন ছিল তাদের অতীত সম্পর্ক নিয়ে। সেই প্রসঙ্গেই দেব candid ভঙ্গিতে বলেন— “একটা সময় আমি আর শুভশ্রী একসঙ্গে ছিলাম। তারপর আলাদা হয়েছি। এখন আমি ১২ বছর ধরে রুক্মিণীর সঙ্গে আছি, শুভশ্রীও নিজের জীবনে এগিয়ে গেছে। অনেক ভুল বোঝাবুঝি ও নেতিবাচকতা ছিল, কিন্তু সেই অধ্যায় পেরিয়ে আমরা শুধু সুন্দর স্মৃতিগুলো ভাগ করতে চাই।”‘ধূমকেতু’ নিয়ে দেবের অনুভূতি আরও আবেগঘন। তিনি বলেন— ছবিটি মুক্তি পাওয়া সত্যিই কঠিন ছিল। প্রযোজক, টিভি চ্যানেলের সঙ্গে বিরোধ, শুভশ্রীর বিয়ে, এমনকি ব্যক্তিগত দূরত্ব—সবকিছু মিলিয়ে ছবিটি যেন ভাগ্যের জোরেই মুক্তি পেয়েছে। তবে দর্শকের অভাবনীয় সাড়া দেখে মনে হচ্ছে প্রতীক্ষা সার্থক হয়েছে। সকাল ৭টার শো থেকে শুরু করে প্রতিটি প্রদর্শনীতে উপচে পড়া ভিড়ই তার প্রমাণ।প্রথম প্রেম কি থেকে যায়— এই প্রশ্নে দেবের সোজাসাপ্টা উত্তর, “আমার মনে হয় না। জীবন মানেই এগিয়ে চলা। অতীতে বসবাস করা মানে বর্তমানকে অসম্মান। সবাই যেন ভালো থাকে, সুখে থাকে— সেটাই চাই।” একইসঙ্গে তিনি স্বীকার করেন, রুক্মিণীর সমর্থন ছাড়া এই লড়াই সফল হত না।সব মিলিয়ে দেবের বক্তব্য থেকে স্পষ্ট, পুরনো প্রেমকে সম্মান জানালেও তিনি আজ নিজের বর্তমান ও ভবিষ্যৎ নিয়েই বাঁচতে চান।
সূত্র : ঢাকা ট্রিবিউন
