Falcon Feed

গাজা সিটি দখলে ইসরায়েলের পরিকল্পিত সামরিক অভিযান শুরু, রিজার্ভে ডাকা হচ্ছে ৬০ হাজার সৈন্য

গাজা সিটি দখলে ইসরায়েলের পরিকল্পিত সামরিক অভিযান শুরু, রিজার্ভে ডাকা হচ্ছে ৬০ হাজার সৈন্য

ফিলিস্তিনের গাজা উপত্যকার সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর গাজা সিটি দখল ও নিয়ন্ত্রণে নিতে নতুন করে পরিকল্পিত সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইতোমধ্যেই শহরের উপকণ্ঠে অবস্থান নিয়েছে এবং এটি পূর্ণাঙ্গ স্থল অভিযানের “প্রাথমিক কার্যক্রম” হিসেবে ধরা হচ্ছে।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই অভিযানের অনুমোদন দিয়েছেন। বিষয়টি নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকেও আলোচনার জন্য উপস্থাপন করা হবে। আগামী সেপ্টেম্বরের শুরুতেই অভিযানের জন্য প্রায় ৬০ হাজার রিজার্ভ সৈন্যকে ডাকা হচ্ছে, যাতে দায়িত্বে থাকা সেনাদের ওপর চাপ কমানো যায়।সামরিক মুখপাত্র জানিয়েছেন, সেনারা জেইতুন ও জাবালিয়া এলাকায় অভিযান চালাচ্ছে। এগুলোই পরবর্তী দখল অভিযানের ভিত্তি হিসেবে কাজ করবে। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ গাজা সিটিকে সম্পূর্ণভাবে ইসরায়েলি নিয়ন্ত্রণে নেওয়ারই ইঙ্গিত বহন করছে।অন্যদিকে, হামাস অভিযোগ করেছে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিকে বাধাগ্রস্ত করছে এবং নিরীহ বেসামরিক মানুষের বিরুদ্ধে “নৃশংস যুদ্ধ” চালিয়ে যাচ্ছে। গাজা সিটির লাখ লাখ বাসিন্দাকে দক্ষিণ গাজার আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এদিকে, ইসরায়েলের বহু মিত্র দেশ এই পরিকল্পিত অভিযানের নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক মহল বলছে, এ ধরনের পদক্ষেপ মানবিক সংকট আরও তীব্র করে তুলবে।উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালায়। সেই ঘটনায় প্রায় ১,২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এরপর থেকেই গাজায় ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযান চলছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, এখন পর্যন্ত অন্তত ৬২,১২২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো হতাহতের এই পরিসংখ্যানকে সবচেয়ে নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করছে।বর্তমান অভিযানের ফলে গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় আরও গভীর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র : ঢাকা ট্রিবিউন

Related Articles