লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আজিজুর রহমান বাচ্চু। তিনি অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা। এর আগে তিনি ইউনিয়ন বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন।বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চবিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৪৫৩ জন ভোটার অংশ নেন। ভোটে মোরগ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে আজিজুর রহমান বাচ্চু ২৬৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।একই নির্বাচনে ইউনিয়ন বিএনপির সভাপতি পদে জয়ী হন মো. অলি উল্যা। তিনি ছাতা প্রতীকে ২৫৫ ভোট পান। আর সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম সম্রাট মাছ প্রতীকে ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হন।নির্বাচন অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএলডিপির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাৎ হোসেন সেলিমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।স্থানীয় পর্যায়ে বিএনপির এই নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলীয় সূত্র জানিয়েছে, নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে তৃণমূল বিএনপি আরও সংগঠিত হবে এবং আগামী দিনে রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।
সূত্র : ঢাকা ট্রিবিউন
