লা লিগার নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত করলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। গত মৌসুমে সর্বোচ্চ ৩১ গোল করে পিচিচি ট্রফি জেতা এই ফরোয়ার্ড এবারও দারুণ ছন্দে আছেন। ২০২৫-২৬ মৌসুমে দুই ম্যাচ শেষে তিনি করেছেন ৩ গোল, যা তাকে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে। ভিয়ারিয়ালের তাজন বোচানানও সমান সংখ্যক গোল করেছেন।ওভেইদোর মাঠে অনুষ্ঠিত ম্যাচে রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে সহজ জয় পেয়েছে। এদিন দলের হয়ে জোড়া গোল করেন এমবাপ্পে, আরেকটি গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র। ম্যাচের প্রথম গোলটি আসে ৩৭ মিনিটে, যখন আর্দা গুলারের পাস থেকে এমবাপ্পে ডিফেন্ডার ও গোলরক্ষকের প্রতিবন্ধকতা এড়িয়ে নিখুঁত শটে জাল খুঁজে পান।দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ভিনিসিউস রিয়ালের আক্রমণকে আরও গতি দেন। ৮২ মিনিটে এমবাপ্পের দ্বিতীয় গোলটির অ্যাসিস্ট ছিল ভিনির পায়ে। আড়াআড়ি পাসে পাওয়া বলে শট নিয়ে জাল খুঁজে নেন এমবাপ্পে। এরপর যোগ করা সময়ে ব্রাহিম দিয়াজের বানানো পাস থেকে ভিনিসিউস নিজেও গোল করেন।এর আগে মৌসুম শুরুর ম্যাচে ওসাসুনার বিপক্ষে ১-০ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে একমাত্র গোলটিও করেছিলেন এমবাপ্পে, পেনাল্টি থেকে। ফলে দুই ম্যাচে তাঁর গোল সংখ্যা দাঁড়াল ৩-এ।এই জয়ে রিয়াল ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে অবস্থান করছে। ৪ গোল করেছে দলটি, এখনও কোনো গোল খায়নি। একইভাবে ৬ পয়েন্ট করে শীর্ষে আছে ভিয়ারিয়াল ও দ্বিতীয় স্থানে বার্সেলোনা।২৪ বছর পর লা লিগায় ফেরা ওভেইদোর বিপক্ষে রিয়ালের এই জয় তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। নতুন কোচ শাবি আলোনসোর অধীনে দলটি শক্ত রক্ষণ ও কার্যকর আক্রমণ দিয়ে মৌসুম শুরু করেছে। এমবাপ্পের গোলের ধারাবাহিকতা এবং ভিনিসিউসের ফর্ম ইঙ্গিত দিচ্ছে, রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ এ মৌসুমে প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।
সূত্র : সময় টিভি
