বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি অভিযোগ করেছেন, ফেসবুক কর্তৃপক্ষ একপক্ষীয়, অগণতান্ত্রিক ও বৈষম্যমূলক আচরণ করছে এবং তার ব্যক্তিগত আইডি ও অফিশিয়াল পেজ বারবার রিমুভ ও সাসপেন্ড করা হচ্ছে। শুধু তাই নয়, তার নাম, বক্তব্য কিংবা ছবি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দলীয় পেজ, গণমাধ্যম বা ব্যক্তিগত অ্যাকাউন্টগুলো অযৌক্তিকভাবে রেস্ট্রিকশনের শিকার হচ্ছে।সোমবার (২৫ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানায় তিনি এই জিডি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক। খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এ ঘটনায় দলের পক্ষ থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তাদের দাবি, এটি মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি আঘাত।জিডিতে মামুনুল হক উল্লেখ করেছেন, কয়েক মাস ধরে তার নাম, বক্তব্য এবং ছবি ফেসবুকে অন্যায়ভাবে রেস্ট্রিকশন ও ব্লকের কবলে পড়ছে। এর ফলে তার ব্যক্তিগত আইডি ও অফিসিয়াল পেজ একাধিকবার বন্ধ হয়ে গেছে। এতে তিনি সামাজিক, রাজনৈতিক ও পেশাগতভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।তিনি আরও অভিযোগ করেন, একটি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রধান হয়েও তাকে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অবরুদ্ধ করা হচ্ছে। এটি গণতান্ত্রিক রাজনীতিকে স্তব্ধ করার স্পষ্ট অপচেষ্টা। তবে তিনি আইন মেনে থানায় জিডি করেছেন এবং মেটা কর্তৃপক্ষ বিষয়টি পুনর্বিবেচনা করে সুবিচার করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। অনেকে এটিকে রাজনৈতিক নিপীড়নের অংশ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ মনে করছেন ফেসবুকের নিজস্ব নীতিমালার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মামুনুল হক এটিকে ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে টার্গেট করার কৌশল বলেই দাবি করছেন।
সূত্র : ঢাকা ট্রিবিউন
