লা লিগায় দুর্দান্ত ছন্দে আছে রিয়াল মাদ্রিদ। শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে তারা ২-১ গোলে হারিয়েছে রিয়াল মায়োর্কাকে এবং এভাবেই মৌসুমের শুরুতে টানা তৃতীয় জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে সেরা অবস্থান ধরে রেখেছে।ম্যাচের শুরুতে মায়োর্কা সবাইকে চমকে দেয়। ১৮ মিনিটে ভেদাত মুরিকির কাঁধে লাগা বল রিয়ালের জালে জড়িয়ে যায়, যা ছিল চলতি লিগে রিয়ালের বিপক্ষে প্রথম গোল। তবে নতুন কোচ জাবি আলোনসোর দল দ্রুতই ঘুরে দাঁড়ায়। ৩৭ মিনিটে আলভারো কারেরাসের ক্রস থেকে ডিন হুইসেন বল বাড়িয়ে দেন, আর তা হেড করে জালে পাঠান তরুণ তারকা আর্দা গুলার। মাত্র দুই মিনিটের ব্যবধানে ভিনিসিয়ুস জুনিয়র দারুণ গতিতে ডিফেন্স ভেদ করে গোল করেন এবং রিয়ালকে এগিয়ে নেন ২-১ ব্যবধানে।কিলিয়ান এমবাপে ও নতুন সাইনিং মাসতান্তুয়ানোও সুযোগ তৈরি করেছিলেন, তবে এমবাপের দুটি গোল অফসাইডের কারণে বাতিল হয় এবং আর্দা গুলারের একটি হাতের বলের কারণে বাতিল হয়। তবুও পুরো ম্যাচে রিয়াল আধিপত্য বিস্তার করে খেলেছে। শেষ দিকে মায়োর্কা সমতায় ফেরার চেষ্টা করলেও কারেরাসের গোললাইন ক্লিয়ারেন্সে রক্ষা পায় রিয়াল।অন্যদিকে, আতলেতিকো মাদ্রিদ এখনো জয়ের দেখা পাচ্ছে না। আলাভেসের বিপক্ষে তারা ১-১ গোলে ড্র করেছে। মৌসুমের প্রথম তিন ম্যাচে দিয়েগো সিমিওনের দল মাত্র ২ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। সিমিওনে জানান, দলে বড় পরিবর্তন আসায় ছন্দ খুঁজে পেতে সময় লাগছে।ম্যাচ শেষে রিয়াল কোচ আলোনসো বলেন, “আমাদের দারুণ টিম স্পিরিট আছে। এই জয় খুব গুরুত্বপূর্ণ, আমরা জানতাম আমাদের কিছু ম্যাচ দরকার নিজেদের ছন্দে ফেরার জন্য।”এ জয়ের ফলে রিয়াল লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান ধরে রেখেছে। রবিবার বার্সেলোনা ও ভিয়ারিয়ালও সুযোগ পাচ্ছে সমান তিন জয় নিয়ে সমানতালে থাকার।
সূত্র : ঢাকা ট্রিবিউন
