বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রদলের ‘উগ্র স্লোগান’-এর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকাল ৪টায় রাজধানীর শাপলা চত্বর থেকে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হবে। এ মিছিল ও সমাবেশে ছাত্রদলের উগ্র ও বিভাজনমূলক আচরণের প্রতিবাদ জানানো হবে।কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেন, “অন্য সংগঠনকে হত্যাযোগ্য হিসেবে প্রকাশ করা রাজনৈতিক সহাবস্থার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। তাই এ ধরনের উগ্র স্লোগানের বিরুদ্ধে আওয়াজ তোলা সময়ের দাবি।” তিনি আরও জানান, ছাত্রশিবিরের এ কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে এবং এর মূল উদ্দেশ্য রাজনৈতিক সহাবস্থাকে রক্ষার জন্য উগ্র ভাষা ও আচরণের প্রতিবাদ করা।উল্লেখ্য, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা বাতিলের দাবিতে এক নারী শিক্ষার্থী হাইকোর্টে রিট দায়ের করেন। এরপর ওই শিক্ষার্থীকে ‘গণধর্ষণের’ হুমকি দেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হুসেন। এ ঘটনায় তীব্র সমালোচনা সৃষ্টি হয় এবং ঢাবি ছাত্রদল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। ওই মিছিল থেকে ছাত্রশিবিরের বিরুদ্ধে উগ্র স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে শিবির।ছাত্রশিবিরের দাবি, ছাত্রদলের এ ধরনের আচরণ সামাজিক শান্তি, নিরাপত্তা ও রাজনৈতিক সহাবস্থার জন্য হুমকি তৈরি করছে। তাই তারা সবার প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে।রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অনেকে আশঙ্কা করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না রাখা গেলে শিক্ষাঙ্গনে সহিংসতার ঝুঁকি বাড়তে পারে।
সূত্র : ঢাকা ট্রিবিউন
