Falcon Feed

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান-বাবরের খালাস বহাল রাখল আপিল বিভাগ

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান-বাবরের খালাস বহাল রাখল আপিল বিভাগ

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় ঘোষণা করেন।এর আগে গত ২১ জুলাই পর্যন্ত এ মামলার আপিল শুনানি চলে মোট ৬ দিন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান ও অ্যাডভোকেট শিশির মনিরসহ বিএনপিপন্থী জ্যেষ্ঠ আইনজীবীরা।হাইকোর্ট গত ১ ডিসেম্বর বিচারিক আদালতের দেওয়া যাবজ্জীবন ও মৃত্যুদণ্ড বাতিল করে তারেক রহমান, বাবরসহ সব আসামিকে খালাস দিয়েছিলেন। পরে রাষ্ট্রপক্ষ আপিল করলে বিষয়টি আপিল বিভাগে ওঠে। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখেন, তবে কিছু পর্যবেক্ষণ বাদ দেন। আদালত জানিয়েছেন, নতুন করে তদন্ত করবে কি না, তা সরকারের এখতিয়ার।প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা। তবে দলের মহিলা বিষয়ক সম্পাদক আইভী রহমানসহ ২৪ জন নিহত এবং তিন শতাধিক নেতাকর্মী আহত হন। এই হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালত বাবর ও বিএনপি নেতা আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন এবং আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।পরে হাইকোর্টে ডেথ রেফারেন্স ও জেল আপিল শুনানি হয়। দীর্ঘ শুনানির পর হাইকোর্ট সব আসামিকে খালাস দেন। এ রায় আপিল বিভাগে বহাল থাকায় কার্যত মামলার আসামিদের বিরুদ্ধে বিচারিক আদালতের রায় কার্যকর থাকছে না।আইন বিশেষজ্ঞদের মতে, এ রায় বাংলাদেশের বিচার ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হলেও রাজনৈতিকভাবে তা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র : ঢাকা ট্রিবিউন

Related Articles