লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ দুই টাকার নতুন নোট জব্দ করেছে বন্দর কর্তৃপক্ষ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বন্দর ইয়ার্ডে নিরাপত্তা প্রহরীরা খোলা জায়গায় ছড়িয়ে থাকা নোটগুলো দেখতে পান। খবর পেয়ে বন্দর কর্তৃপক্ষ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নোটগুলো জব্দ করেন। মোট ১ লাখ টাকার সমপরিমাণ নতুন দুই টাকার নোট উদ্ধার হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান জানান, নিরাপত্তা প্রহরীরা বিষয়টি অবহিত করার পর দ্রুত বিজিবিকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। পরে পরিত্যক্ত অবস্থায় নোটগুলো উদ্ধার করে জব্দ করা হয়। বর্তমানে টাকাগুলো ৬১-বিজিবির হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।বিজিবি চেকপোস্ট কমান্ডার আনজারুল ইসলাম জানান, তাদের কাছে তথ্য ছিল যে, পণ্যবাহী ট্রাকের মাধ্যমে চোরাচালান হতে পারে। এ কারণে চেকপোস্টে তল্লাশি চলছিল। ঠিক সেই সময় বন্দর ইয়ার্ড থেকে খবর আসে যে, বিপুল পরিমাণ নতুন নোট ফেলে পালিয়ে গেছে একদল চক্র। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নোটগুলো হয় মাদক সেবনের কাজে কিংবা চোরাচালানের উদ্দেশ্যে বন্দরে আনা হয়েছিল। তল্লাশির খবর পেয়ে চক্রটি নোটগুলো ফেলে রেখে দ্রুত সরে যায়।ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। কারণ, সাধারণত দুই টাকার নোট এভাবে চোরাচালানের কাজে ব্যবহৃত হওয়ার ঘটনা বিরল। স্থানীয়রা বলছেন, এই চক্রের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা পাচার কিংবা মাদক ব্যবসার যোগ থাকতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিস্তারিত তদন্ত শুরু করেছে।এই জব্দকৃত নোট উদ্ধারের ঘটনায় আবারও স্পষ্ট হলো সীমান্ত এলাকায় চোরাচালানকারীদের সক্রিয়তা ও নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তা। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র : যমুনা টিভি
