Falcon Feed

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল পর্তুগাল

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল পর্তুগাল

ইসরায়েলি আগ্রাসনে উত্তাল গাজা উপত্যকা ও বিশ্বজুড়ে নিন্দার ঝড়ের মধ্যেই ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি নিয়ে একের পর এক দেশ অবস্থান স্পষ্ট করছে। এবার ইউরোপীয় দেশ পর্তুগাল ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে। সিদ্ধান্ত নেওয়ার আগে পর্তুগালের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ও সংসদ সদস্যদের সাথে বৈঠক করেন এবং তাদের মতামত নেন। এই স্বীকৃতি এখন কেবল কূটনৈতিক পদক্ষেপ নয়, বরং ফিলিস্তিনের দীর্ঘদিনের স্বাধীনতার সংগ্রামে নৈতিক সমর্থন হিসেবেও বিবেচিত হচ্ছে।বিশ্বজুড়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ধারা আরও জোরদার হচ্ছে। সাম্প্রতিক সময়ে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো প্রভাবশালী দেশগুলো এ বিষয়ে তাদের সিদ্ধান্ত জানায়। এর আগে নরওয়ে, স্পেন, আয়ারল্যান্ড ও লুক্সেমবার্গ ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি ঘোষণা করেছে। ফলে ইউরোপসহ পশ্চিমা বিশ্বের একটি বড় অংশ এখন ইসরায়েলি আগ্রাসনের বিপরীতে ফিলিস্তিনকে সরাসরি সমর্থন জানাচ্ছে।পর্তুগালের এই পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। তারা বলছেন, পশ্চিমা বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করছে। একই সঙ্গে, এই স্বীকৃতি ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্রের দাবি বৈশ্বিক পর্যায়ে আরও জোরালো করবে।অন্যদিকে, ইসরায়েলের আগ্রাসন ও দমননীতির কারণে গাজায় মানবিক বিপর্যয় আরও তীব্র আকার ধারণ করেছে। হাজারো মানুষের প্রাণহানি, অবকাঠামোর ধ্বংস এবং মানবিক সহায়তার অভাব আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়িয়ে তুলেছে। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা নিঃসন্দেহে তাদের স্বাধীনতার লড়াইয়ে নতুন আশার আলো যোগ করেছে।

সূত্র : যমুনা টিভি

Related Articles