ক্রমবর্ধমান শ্রমশক্তির ঘাটতি পূরণে বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপের দেশ আলবেনিয়া। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এ প্রস্তাব দেন আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাজ।প্রেসিডেন্ট বেগাজ বৈঠকে জানান, আলবেনিয়ায় দক্ষ ও অদক্ষ উভয় ধরনের শ্রমশক্তির প্রয়োজন রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি আলবেনীয় কোম্পানি বাংলাদেশি কর্মী নিয়োগের আবেদন করেছে। তিনি বলেন, “বাংলাদেশি কর্মীরা আমাদের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখতে পারবেন।”আলবেনিয়ার প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, শুধু শ্রমবাজার নয়, পর্যটন খাতেও বাংলাদেশ ও আলবেনিয়ার মধ্যে সহযোগিতা বাড়ানো সম্ভব। আলবেনিয়ার দক্ষিণ উপকূলকে সম্ভাবনাময় গন্তব্য হিসেবে তুলে ধরে তিনি বাংলাদেশি পর্যটকদের ভ্রমণের আমন্ত্রণ জানান। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের সরকারি সফর বিনিময় ও প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, তরুণ ও উদ্যমী কর্মশক্তির কারণে বাংলাদেশ আলবেনিয়ার শ্রমবাজার ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম। তবে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়ে তিনি উল্লেখ করেন, বর্তমানে বাংলাদেশিদের ভিসার জন্য নয়াদিল্লি পর্যন্ত যেতে হয়, যা একটি বড় প্রতিবন্ধকতা।প্রেসিডেন্ট বেগাজ এর জবাবে জানান, বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালুর বিষয়টি আলবেনিয়া বিবেচনা করছে। এতে শ্রমিক ও শিক্ষার্থীদের ভ্রমণ প্রক্রিয়া সহজ হবে।বৈঠকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বাংলাদেশ চিকিৎসক, নার্স, কারখানার কর্মী থেকে শুরু করে কৃষি শ্রমিক পর্যন্ত বহুমুখী শ্রমশক্তি সরবরাহে সক্ষম। তিনি এ ক্ষেত্রে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করেন।
সূত্র : যমুনা টিভি
