Falcon Feed

কাবুলে শক্তিশালী বিস্ফোরণ, টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদের নিহতের গুঞ্জন

কাবুলে শক্তিশালী বিস্ফোরণ, টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদের নিহতের গুঞ্জন

আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত মধ্যরাতে একাধিক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যমসহ আন্তর্জাতিক সংবাদ সূত্রগুলো জানিয়েছে, রাতভর কাবুলের আকাশে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অনুভূত হয়। এই ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর প্রধান নূর ওয়ালি মেসুদের নিহত হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে।বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। আফগান তালেবান সরকারের মুখপাত্র জানিয়েছেন, তারা বিষয়টি তদন্ত করছে এবং এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলের কাছে একটি এসইউভি গাড়ি লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করেছে বেশ কয়েকটি সংবাদমাধ্যম।প্রত্যক্ষদর্শীদের বরাতে বলা হয়েছে, বিস্ফোরণের সময় আকাশে একাধিক ড্রোন উড়তে দেখা যায়। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, এটি পাকিস্তানের একটি লক্ষ্যভিত্তিক বিমান হামলা হতে পারে। পাকিস্তানভিত্তিক দৈনিক Pakistan Observer এবং আরও কয়েকটি সংবাদমাধ্যম এমন দাবি করেছে যে, হামলাটি টিটিপির শীর্ষ নেতৃত্বকে টার্গেট করে চালানো হয়েছিল।এ ঘটনার পর কাবুলের সংশ্লিষ্ট এলাকায় টেলিযোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়, ফলে স্থানীয়রা তথ্য আদানপ্রদানে সমস্যার মুখে পড়েন। এখনো পর্যন্ত তালেবান সরকার কিংবা পাকিস্তান—দুই পক্ষের কেউই আনুষ্ঠানিকভাবে নূর ওয়ালি মেসুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।নূর ওয়ালি মেসুদ ২০১৮ সালে টিটিপির নেতৃত্ব গ্রহণ করেন এবং এরপর থেকেই পাকিস্তানে বিভিন্ন হামলার পেছনে তার নাম উঠে আসে। তিনি আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চল থেকে সংগঠনের কার্যক্রম পরিচালনা করছিলেন বলে ধারণা করা হয়। যদি তার নিহত হওয়ার খবরটি সত্য হয়, তাহলে এটি টিটিপির নেতৃত্বে বড় ধাক্কা হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।বর্তমানে কাবুলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্তের স্বার্থে এলাকাটিতে সাধারণ মানুষের প্রবেশ সীমিত রাখা হয়েছে। ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক মহল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

সূত্র : যমুনা টিভি

Related Articles