Falcon Feed

দেশে ফিরলেন শহিদুল আলম, সরকার ও দেশবাসীকে জানালেন কৃতজ্ঞতা

দেশে ফিরলেন শহিদুল আলম, সরকার ও দেশবাসীকে জানালেন কৃতজ্ঞতা

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। দেশে ফিরে তিনি দেশবাসী, সরকার এবং যাঁরা তার মুক্তির জন্য প্রচেষ্টা চালিয়েছেন—তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শহিদুল আলম বলেন, “গাজা এখনও মুক্ত নয়, সেখানে এখনো নির্যাতন চলছে। আমাদের কাজ এখানেই শেষ নয়, বরং ফিলিস্তিনের স্বাধীনতা না আসা পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে।” তিনি আরও বলেন, গাজার মানুষের ওপর যে অমানবিক নির্যাতন চলছে, তার তুলনায় তাদের সঙ্গে যা ঘটেছে, তা খুবই সামান্য।এর আগে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক মহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার দফতর থেকে জানানো হয়, শহিদুল আলম আটক হওয়ার পরপরই জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।উল্লেখ্য, ফিলিস্তিনে মানবিক সহায়তা ও সংবাদ সংগ্রহে গিয়ে ‘কনশানস’ নামের একটি জাহাজে ছিলেন শহিদুল আলম। সেই জাহাজে থাকা সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যদের বুধবার ভোরে অপহরণ করে ইসরায়েলি বাহিনী। পরবর্তীতে আন্তর্জাতিক চাপে এবং কূটনৈতিক তৎপরতায় তারা মুক্তি পান।মুক্তি পাওয়ার পর তেল আবিব থেকে তুরস্কে যান শহিদুল আলম, সেখান থেকে দেশে ফিরে আসেন শনিবার সকালে। দেশে ফেরার পর তিনি ফিলিস্তিনের প্রতি অব্যাহত সংহতির আহ্বান জানান এবং বলেন, “আমাদের মানবতার লড়াই বন্ধ করা যাবে না।”বিশিষ্ট এই আলোকচিত্রীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশজুড়ে কৃতজ্ঞতা ও স্বস্তির বার্তা প্রকাশ করেছেন হাজারো মানুষ।

সূত্র : যমুনা টিভি

Related Articles