কাশ্মীরের পাহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ভারত। তবে পাকিস্তানের পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বোখারি এই ঘটনাকে ‘ফলস ফ্ল্যাগ’ অ্যাটাক হিসেবে বর্ণনা করেছেন। তার দাবি, ভারত নিজেরাই হামলা ঘটিয়ে পাকিস্তানকে দোষারোপ করছে এবং এটি যুদ্ধের অজুহাত তৈরির চেষ্টা। তিনি বলেন, পাকিস্তান ভারতের যেকোনো আগ্রাসনের জন্য প্রস্তুত এবং জবাব দিতে জানে। ‘চা পরিবেশন’-এর পুরনো প্রসঙ্গ টেনে তিনি হুঁশিয়ারি দেন, এবার হয়তো পাকিস্তান আর ভদ্র থাকবে না। বোখারি ভারতের সম্ভাব্য সামরিক পদক্ষেপকে ‘গুরুতর ভুল’ আখ্যা দিয়ে বলেন, পাকিস্তান উপযুক্ত প্রতিক্রিয়া দেখাবে। ‘ফলস ফ্ল্যাগ’ শব্দটি সাধারণত এমন ঘটনায় ব্যবহৃত হয় যেখানে নিজের ওপর হামলা চালিয়ে শত্রু পক্ষকে দোষী বানানো হয়।
——–
সূত্র : যুগান্তর
——–
