Falcon Feed

ব্লগার অভিজিৎ হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত ফারাবী জামিনে মুক্ত

ব্লগার অভিজিৎ হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত ফারাবী জামিনে মুক্ত

ব্লগার ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শফিউর রহমান ফারাবী হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার (৩০ জুলাই) তাকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।ফারাবীর আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান জানান, ২০১৫ সালের ৩ মার্চ থেকে ফারাবী কারাগারে আছেন এবং তিনি ১৬৪ ধারায় কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। মামলার চারজন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ফারাবীর নাম আসেনি এবং তদন্ত কর্মকর্তাকে ছাড়া আর কোনো সাক্ষীর বয়ানে তার নাম নেই। এসব যুক্তিতে হাইকোর্টে জামিন আবেদন করা হয় এবং বিচারাধীন আপিল বিবেচনায় জামিন মঞ্জুর করা হয়।এ বিষয়ে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান। জামিন আদেশের পর আইনজীবীরা জানিয়েছেন, ফারাবীর কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা থেকে ফেরার পথে ঢাবির টিএসসি এলাকায় কুপিয়ে হত্যা করা হয় মুক্তমনা লেখক অভিজিৎ রায়কে। একই হামলায় তার স্ত্রী রাফিদা আহমেদ আহত হন। অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় এবং ওই বছরের ৬ আগস্ট আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। রাষ্ট্রপক্ষ থেকে ২৮ জন সাক্ষী হাজির করা হয়।২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং ফারাবীকে যাবজ্জীবন দেন। সেই রায়ের বিরুদ্ধে ফারাবী আপিল করলে ২০২২ সালে হাইকোর্ট আপিল গ্রহণ করেন।

সূত্র : ঢাকা ট্রিবিউন

Related Articles