বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজধানী ঢাকার শাহবাগে আগামীকাল রবিবার (৩ আগস্ট) বড় পরিসরে একটি ছাত্র সমাবেশের আয়োজন করেছে। এই সমাবেশে চট্টগ্রাম থেকে অংশ নিতে ছাত্রদল ২০ বগির একটি বিশেষ ট্রেন ভাড়া করেছে, যার খরচ প্রায় ১০ লাখ টাকা।জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই ছাত্র সমাবেশের আয়োজন করা হচ্ছে। চট্টগ্রাম নগর ছাত্রদলের পক্ষ থেকে রেলওয়েকে আনুষ্ঠানিকভাবে একটি ট্রেন বরাদ্দের আবেদন জানানো হয়, যা রেল কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার অনুমোদন দেয়। ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর ১টা ১৫ মিনিটে। সমাবেশ শেষে সন্ধ্যা ৭টায় ট্রেনটি আবার চট্টগ্রামের উদ্দেশে রওনা হবে।রেলওয়ে সূত্রে জানা গেছে, ২০ বগির এই ট্রেনে রয়েছে ১,১২৬টি আসন। ট্রেন পরিচালনার জন্য চট্টগ্রাম ও ঢাকা বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশনা দিয়েছে রেলওয়ে। রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তৌষিয়া আহমেদ জানান, এই বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়ার ফলে নিয়মিত ট্রেন চলাচলে কোনো সমস্যা হবে না।চট্টগ্রাম ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ জানান, ট্রেনে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলার প্রায় দেড় হাজার নেতা-কর্মী ঢাকায় যাবেন। সবার একসঙ্গে যাত্রার সুবিধার্থে ট্রেন ভাড়া করা হয়েছে, যা বাসে সম্ভব ছিল না।এর আগে জামায়াতে ইসলামিও একইভাবে চারটি বিশেষ ট্রেন ভাড়া করে জাতীয় সমাবেশ করেছিল, যার খরচ পড়েছিল প্রায় ৩২ লাখ টাকা। ছাত্রদলের এই উদ্যোগ রাজধানীতে সমাবেশে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : ঢাকা ট্রিবিউন
