ইয়েমেনের আবিয়ান প্রদেশের উপকূলে শরণার্থী ও অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৬৮ জনের মৃত্যু হয়েছে। রবিবার (৩ আগস্ট) খারাপ আবহাওয়ার কারণে প্রায় ১৫০ জন অভিবাসী বহনকারী এই নৌকাটি দক্ষিণ ইয়েমেনের শাকরা উপকূলে উল্টে যায়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, মাত্র ১২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।নিহতদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক এবং তারা আফ্রিকার হর্ন অঞ্চল থেকে কাজের সন্ধানে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করছিলেন। আইওএম-এর ইয়েমেন প্রধান আব্দুসাত্তোর এসোয়েভ জানান, এই নৌযাত্রার রুটটি অত্যন্ত বিপজ্জনক এবং এটি সাধারণত মানবপাচারকারীদের মাধ্যমে পরিচালিত হয়।আইওএম বলছে, ইয়েমেন এখনো মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোতে অভিবাসন প্রত্যাশীদের জন্য একটি জনপ্রিয় ট্রানজিট পয়েন্ট। এ বছরের মার্চেও একই রকম এক দুর্ঘটনায় ১৮০ জন অভিবাসী নিখোঁজ ও নিহত হন। ২০২৪ সালের শুরু থেকে ইতোমধ্যে ৬০ হাজারের বেশি অভিবাসী ইয়েমেনে পৌঁছেছেন।দক্ষিণ ইয়েমেনের খানফার এলাকায় ৫৪টি মৃতদেহ উপকূলে পাওয়া গেছে এবং আরও ১৪টি মৃতদেহ স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম এখনো চলমান।আইওএম-এর একজন মুখপাত্র এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, “অভিবাসীরা চরম ঝুঁকিপূর্ণ যাত্রায় পাচারকারীদের ফাঁদে পড়ছেন, যারা তাদের দুর্বলতাকে পুঁজি করছে।” সংস্থাটি বৈধ অভিবাসন পথ তৈরির আহ্বান জানিয়েছে যাতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।গত এক দশকে ইয়েমেন হয়ে অভিবাসন করতে গিয়ে ৩,৪০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে অন্তত ১,৪০০ জনের মৃত্যু হয়েছে নৌকাডুবির কারণে।
সূত্র : ঢাকা ট্রিবিউন
