সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও খ্যাতনামা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা জানিয়েছেন, অতিরিক্ত কাজের চাপের কারণেই তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন এবং চিকিৎসাধীন রয়েছেন।শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে তিশা তার ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি লিখেন, “কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকার সময় ফারুকী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে দ্রুত ঢাকায় আনা হয় এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত কাজের প্রেশারের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আপাতত তিনি আশঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।”প্রসঙ্গত, শুক্রবার বিকেলে ফারুকী সরকারি সফরে কক্সবাজারে যান। তিনি হোটেল ওশান প্যারাডাইসে ওঠেন এবং রবিবার শুরু হওয়া দুই দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কক্সবাজারকে “সাংস্কৃতিক হাব” হিসেবে গড়ে তুলতে আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন অংশীজনের অংশগ্রহণের পরিকল্পনা ছিল। তবে শনিবার সন্ধ্যায় হোটেলে অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং জরুরি ভিত্তিতে ঢাকায় আনা হয়।ফারুকীর অসুস্থতার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং সহকর্মীরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন। অনেকেই মন্তব্য করেছেন, ফারুকীর মতো সৃজনশীল মানুষকে সুস্থভাবে কাজে ফিরে পাওয়া দেশের সংস্কৃতি অঙ্গনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।বর্তমানে তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। পরিবার জানিয়েছে, চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন এবং বিশ্রাম নেওয়ার পর দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা যাচ্ছে।
সূত্র : ঢাকা ট্রিবিউন
