Falcon Feed

চলে গেলেন ‘থ্রি ইডিয়েটস’-এর সেই অধ্যাপক অচ্যুত পোতদার, বয়স হয়েছিল ৯১

চলে গেলেন ‘থ্রি ইডিয়েটস’-এর সেই অধ্যাপক অচ্যুত পোতদার, বয়স হয়েছিল ৯১

বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র থ্রি ইডিয়েটস–এ মেজাজি অধ্যাপকের চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে অমর হয়ে আছেন অচ্যুত পোতদার। সেই চরিত্রের সংলাপ—“আরে, কেহনা ক্যা চাহতে হো”—এখনও দর্শকের মুখে মুখে ফেরে। তবে এবার সিনেমাপ্রেমীদের জন্য দুঃখের খবর, প্রয়াত হলেন এই অভিজ্ঞ অভিনেতা।সোমবার (১৮ আগস্ট) ভারতের মহারাষ্ট্রের ঠানের জুপিটার হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। কয়েকদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন পোতদার। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার ঠানেতেই তার শেষকৃত্য সম্পন্ন হবে।অচ্যুত পোতদার প্রথম জীবনে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন না। দীর্ঘ সময় ভারতীয় সশস্ত্র বাহিনীতে চাকরি করেছেন তিনি। পরে কাজ করেছেন ইন্ডিয়ান অয়েল কোম্পানিতেও। অবসরের পর জীবনের নতুন অধ্যায় শুরু করেন অভিনয়জগতে। ১৯৮০–এর দশকের শেষ দিকে সিনেমায় আত্মপ্রকাশের পর তিনি বলিউডে একের পর এক চরিত্রে অভিনয় করে জায়গা করে নেন।প্রায় ১২৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। হিন্দির পাশাপাশি মারাঠি চলচ্চিত্রেও সমান পারদর্শিতা দেখিয়েছেন। তার অভিনীত জনপ্রিয় ছবির তালিকায় রয়েছে— আক্রোশ, তেজাব, পরিন্দা, রাজু বন গয়া জেন্টলম্যান, দিলওয়ালে, দাবাং ২, লগে রহো মুন্নাভাই, পরিণীতা প্রভৃতি। তবে রাজকুমার হিরানির পরিচালনায় নির্মিত থ্রি ইডিয়েটস সিনেমা তার ক্যারিয়ারের মোড় ঘোরানো কাজ হিসেবে বিবেচিত হয়। এই ছবির অধ্যাপকের চরিত্র তাকে এনে দিয়েছিল আলাদা পরিচিতি।তার অভিনীত চরিত্রগুলো মূলত পার্শ্বচরিত্র হলেও প্রতিটি চরিত্রে যে বাস্তবিকতা ও গভীরতা তিনি আনতেন, তা দর্শকের মনে দাগ কেটে যেত। ফলে তিনি কখনো প্রধান চরিত্রে না থাকলেও চলচ্চিত্রপ্রেমীদের কাছে ছিলেন সমান প্রিয়।অচ্যুত পোতদারের প্রয়াণে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পী ও ভক্তরা সামাজিক মাধ্যমে তাকে স্মরণ করছেন গভীর শ্রদ্ধায়। ভারতীয় চলচ্চিত্র জগতে তিনি থেকে গেলেন এক অবিস্মরণীয় নাম হিসেবে, যিনি জীবনের শেষ প্রান্ত পর্যন্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।

সূত্র : ঢাকা ট্রিবিউন

Related Articles