Falcon Feed

ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির প্রাইভেটকার উল্টে নারীসহ তিনজন নিহত

ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির প্রাইভেটকার উল্টে নারীসহ তিনজন নিহত

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর ৬টার দিকে শ্রীনগরের ষোলঘর যাত্রীছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন প্রাইভেটকারের যাত্রী রাইসা আক্তার (২০), আরমান হোসেন (২৫) ও তানজিল (২৫)। আহত রবিন হোসেনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে চার বন্ধু ঢাকা থেকে মাওয়া বেড়াতে যান। ফেরার পথে ভোরে তারা প্রাইভেটকারে ঢাকার দিকে ফিরছিলেন। হঠাৎ করে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং সড়ক দ্বীপের রেলিংয়ে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আরমান ও তানজিল মারা যান। গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাইসা আক্তারকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন সাংবাদিকদের জানান, দ্রুতগতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং দুর্ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গাড়ি ও হতাহতদের সরিয়ে নেন। দুর্ঘটনার পর সড়কে পানি ছিটিয়ে পরিষ্কার করার পর যান চলাচল স্বাভাবিক হয়।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দ্রুতগতি ও অসাবধানতার কারণে একের পর এক প্রাণহানি ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

সূত্র : ঢাকা ট্রিবিউন

Related Articles