বিশ্ব ফ্যাশন জগতের অবিসংবাদিত সম্রাট জর্জিও আরমানি আর নেই। ৪ সেপ্টেম্বর ইতালির মিলানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। ফ্যাশনের ইতিহাসে অনন্য অবদান রাখা এই কিংবদন্তি ডিজাইনারকে বলা হতো ‘ফ্যাশন কিং’। তার পোশাকের কাপড়, নকশা, ফিটিং— সবকিছুতেই ছিল অনন্য নিখুঁত ছাপ।আরমানির যাত্রা শুরু হয়েছিল একেবারেই সাধারণ পরিবার থেকে। জীবনের প্রথম দিকে সেনাবাহিনীতে কাজ করার পর তিনি প্রবেশ করেন ফ্যাশনের জগতে। মিলানে একটি দোকানের কাচের জানলার ম্যানিকুইনে পোশাক পরানোই ছিল তার প্রথম কাজ। কিন্তু সেই সাধারণ ছেলেটিই একদিন হয়ে উঠেছিলেন বিশ্ব ফ্যাশনের শীর্ষ ব্যক্তিত্ব।মিলানকে বলা হয় ফ্যাশনের রাজধানী। সেখান থেকেই তার উত্থান এবং বিশ্বজয়ের গল্প শুরু। নিজের নামে প্রতিষ্ঠা করেন ফ্যাশন সংস্থা ‘আরমানি’। দ্রুতই তা বিশ্বের শীর্ষ ফ্যাশন ব্র্যান্ডে পরিণত হয়। সংস্থাটি বছরে ২০০ কোটি পাউন্ডেরও বেশি লাভ করত, আর ব্যক্তিগতভাবে আরমানি ছিলেন ৫০০ কোটি পাউন্ডের মালিক।কর্মপাগল আরমানি জীবনের শেষ দিন পর্যন্ত তার কাজে ছিলেন অদম্য। ২০২৪ সালেও তাকে দেখা গেছে মডেলদের পোশাক ও চুলের সাজ নিজ হাতে ঠিক করে দিতে। অসুস্থতাও তাকে থামাতে পারেনি। হলিউডের বহু তারকা অভিনেত্রী ছিলেন তার ভক্ত। প্রায়ই র্যাম্পে তারকাদের সঙ্গে হাঁটতে দেখা যেত এই বৃদ্ধ কিংবদন্তিকে।পারিবারিক সূত্র জানিয়েছে, চলতি বছরের শুরু থেকেই তিনি নানা অসুস্থতায় ভুগছিলেন। জুনে তার শারীরিক অবস্থা আরও অবনতির দিকে যায়। চিকিৎসা চললেও বার্ধক্যজনিত অসুস্থতার কাছে হার মানতে হয় তাকে। শেষ মুহূর্তে পাশে ছিলেন তার প্রিয়জনেরা।তার মৃত্যুতে আরমানির ফ্যাশন হাউস এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা হারালাম এক জন পথপ্রদর্শককে। মিস্টার আরমানি জীবনের শেষ দিনটিও কাটিয়েছেন তার প্রিয় কাজ ফ্যাশন ডিজাইন নিয়েই।”৬ ও ৭ সেপ্টেম্বর মিলানেই তার শেষকৃত্যের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ফ্যাশন দুনিয়ায় রেখে যাওয়া তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
সূত্র : ঢাকা ট্রিবিউন
