Falcon Feed

সিরিয়ার পশ্চিমাঞ্চলে ইসরায়েলের বিমান হামলা, লক্ষ্যবস্তু সামরিক স্থাপনা

সিরিয়ার পশ্চিমাঞ্চলে ইসরায়েলের বিমান হামলা, লক্ষ্যবস্তু সামরিক স্থাপনা

সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস ও লাতাকিয়া প্রদেশে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে সামরিক ঘাঁটি, ব্যারাক ও অস্ত্রাগারকে লক্ষ্য করে চালানো এই হামলার খবর নিশ্চিত করেছে বিবিসি। যদিও কোনো হতাহতের ঘটনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।হামলার টার্গেট ছিল একটি বিমান ঘাঁটি ও বেশ কয়েকটি সামরিক স্থাপনা। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং সহিংসতা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেছে। সিরিয়া প্রশাসনের অভিযোগ, ইসরায়েল নিয়মিতভাবেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তাদের ভূখণ্ডে হামলা চালাচ্ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি।মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, চলতি বছরেই এখন পর্যন্ত শতাধিকবার সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলার মূল লক্ষ্য থাকে ইরান-সমর্থিত মিলিশিয়া ও সামরিক ঘাঁটি। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের প্রতিদ্বন্দ্বিতার কারণে সিরিয়া বারবার সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে।এর আগের দিন, সোমবারও সিরিয়ার হোমস, পালমিরা ও উপকূলীয় লাতাকিয়ায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ব্রিটেনভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা “সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস” (SOHR) জানিয়েছে, হোমসের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি সামরিক ইউনিটকে টার্গেট করা হয়েছিল। তবে কোনো প্রাণহানির খবর নিশ্চিত হয়নি।এদিকে, এ হামলার জেরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক মহল মনে করছে, অব্যাহত এই হামলা কেবল সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তাকেই নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতাকেও ঝুঁকির মুখে ফেলছে। জাতিসংঘের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র : যমুনা টিভি

Related Articles