Falcon Feed

মোবাইল ফোন ট্র্যাক করে হামলা, নামাজে থাকায় প্রাণে বাঁচলেন হামাস নেতারা

মোবাইল ফোন ট্র্যাক করে হামলা, নামাজে থাকায় প্রাণে বাঁচলেন হামাস নেতারা

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও হামাসের চলমান উত্তেজনার মধ্যে কাতারে এক নাটকীয় ঘটনার জন্ম দিয়েছে একটি ব্যর্থ হামলা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, মোবাইল ফোন ট্র্যাক করে হামাস নেতাদের অবস্থান শনাক্ত করে সেখানে বিমান হামলা চালায় ইসরায়েল। তবে নামাজ পড়তে গিয়ে মোবাইল ফোন রেখে যাওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান সংগঠনটির শীর্ষ নেতারা।প্রতিবেদনে বলা হয়, কাতারে অবস্থান করছিলেন হামাসের রাজনৈতিক প্রধান খলিল আল-হায়াসহ কয়েকজন শীর্ষ নেতা। গাজায় যুদ্ধবিরতি বন্ধের ইস্যুতে একটি আবাসিক ভবনে বৈঠক করছিলেন তারা। এ সময় মোবাইল ফোনের সিগন্যাল ট্র্যাক করে ইসরায়েলি গোয়েন্দারা তাদের অবস্থান নিশ্চিত হয় এবং বিমান হামলা চালানো হয়। হামলার ফলে ভবনটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়, তবে নেতারা তখন বাইরে নামাজ পড়ছিলেন। ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়।ব্রিটেনের আরবি গণমাধ্যম আশার্ক আল আওসাত প্রথম এ তথ্য প্রকাশ করে। পরে জেরুজালেম পোস্ট এবং জুইশ ক্রনিকালসও খবরটি নিশ্চিত করে। তারা জানায়, হামাস নেতাদের অবস্থান নির্ণয়ে ইসরায়েলের এ ধরনের হামলা নতুন কিছু নয়। এর আগে ইরানেও একই কৌশলে হামলা চালিয়ে শীর্ষ হামাস নেতা ও ইরানি কর্মকর্তাদের হত্যা করেছিল ইসরায়েল।এ ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে— আধুনিক যুদ্ধে প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য কিভাবে ব্যবহৃত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল ফোন ট্র্যাকিং এখন টার্গেট কিলিংয়ের অন্যতম প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। হামাস নেতাদের অল্পের জন্য বেঁচে যাওয়া তাই ইসরায়েল-হামাস সংঘাতে নতুন এক অধ্যায় যুক্ত করল।অন্যদিকে, হামলার এই ব্যর্থতা ইসরায়েলের জন্য বড় ধরনের কৌশলগত ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। কারণ বহুদিন ধরেই হামাসের শীর্ষ নেতাদের হত্যা ইসরায়েলের অন্যতম প্রধান লক্ষ্য। তবে হামাস নেতাদের বেঁচে যাওয়া নিঃসন্দেহে সংগঠনটির জন্য বড় একটি স্বস্তি।

সূত্র : যমুনা টিভি

Related Articles