Falcon Feed

মেসির নৈপুণ্যে সিয়াটলকে হারিয়ে শীর্ষে ফেরার লড়াইয়ে মিয়ামি

মেসির নৈপুণ্যে সিয়াটলকে হারিয়ে শীর্ষে ফেরার লড়াইয়ে মিয়ামি

লিওনেল মেসি আবারও দেখালেন কেন তাকে ফুটবলের ইতিহাসে সেরাদের একজন বলা হয়। মঙ্গলবার (স্থানীয় সময়) মেজর লিগ সকারে (MLS) ইন্টার মিয়ামির হয়ে খেলে এক গোল ও এক অ্যাসিস্ট করে দলকে ৩-১ ব্যবধানে জয়ের পথে নিয়ে যান আর্জেন্টাইন মহাতারকা। এই জয়ে মিয়ামি পূর্বাঞ্চলীয় কনফারেন্সের পঞ্চম স্থানে উঠে এসেছে।সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে ম্যাচের ১২তম মিনিটেই স্প্যানিশ তারকা জর্দি আলবার গোলের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি। এরপর ৪১তম মিনিটে নিজেই গোল করে মিয়ামিকে প্রথমার্ধে ২-০ তে এগিয়ে দেন। বিরতির পর ৫২তম মিনিটে আমেরিকান ইয়ান ফ্রের গোল মিয়ামিকে ৩-০ ব্যবধানে নিরাপদ লিড এনে দেয়। যদিও সিয়াটলের মেক্সিকান মিডফিল্ডার অবেদ ভার্গাস ৬৯তম মিনিটে একটি সান্ত্বনার গোল পরিশোধ করেন, কিন্তু জয়ের ব্যবধান আর কমাতে পারেনি তারা।এর আগে গত ৩১ আগস্ট লিগস কাপ ফাইনালে সিয়াটলের কাছে ৩-০ গোলে হেরেছিল মিয়ামি। সেই ম্যাচ শেষে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে, বেঞ্চ খালি হয়ে মারামারি পর্যন্ত হয়। মিয়ামির উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ প্রতিপক্ষ স্টাফকে থুতু মারার ঘটনায় তিন ম্যাচের নিষেধাজ্ঞা পান এবং ২০২৬ সালের লিগস কাপ থেকেও নিষিদ্ধ হন। এই ম্যাচে তিনি শাস্তির দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি।জয়ের পর মিয়ামির কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, “আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল প্রতিশোধের ম্যাচে জয় পাওয়া। আমরা সঠিকভাবে খেলা পরিকল্পনা করেছি এবং মাঠে তা বাস্তবায়ন করেছি।”এই জয়ের ফলে ১৪ জয়, ৬ হার ও ৭ ড্র নিয়ে মিয়ামির সংগ্রহ দাঁড়ায় ৪৯ পয়েন্টে, যা তাদেরকে পূর্বাঞ্চলীয় কনফারেন্সের পঞ্চম স্থানে তুলে দেয়। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে তারা মাত্র ৮ পয়েন্ট পিছিয়ে এবং হাতে রয়েছে তিনটি ম্যাচ। মাসচেরানোর ভাষায়, “আমাদের হাতে এখনও সাতটি ম্যাচ আছে, প্রতিটি ম্যাচই ফাইনালের মতো। অন্যদিকে সিয়াটলের অবস্থান কিছুটা নড়বড়ে হয়ে পড়েছে। তারা ১২ জয়, ৮ হার ও ৯ ড্র নিয়ে ৪৫ পয়েন্টে পশ্চিমাঞ্চলীয় কনফারেন্সে চতুর্থ স্থানে রয়েছে, লস অ্যাঞ্জেলেস এফসির চেয়ে মাত্র এক পয়েন্ট এগিয়ে। সূত্র : ঢাকা ট্রিবিউন

Related Articles