রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে আলোচিত ছাত্রদল সমর্থিত এজিএস (সহকারী সাধারণ সম্পাদক) প্রার্থী জাহিন বিশ্বাস এষা পরাজিত হয়েছেন। তিনি ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বিরের কাছে ১,০২০ ভোটে হেরে গেছেন। নির্বাচনের ফল অনুযায়ী, এষা পেয়েছেন ৫,৯৫১ ভোট, আর বিজয়ী সাব্বির পেয়েছেন ৬,৯৭১ ভোট।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত থেকে বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলে ধাপে ধাপে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। রাকসুর এবারের নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে ব্যাপক উৎসাহ ও আলোচনা ছিল, বিশেষ করে নারী প্রার্থী হিসেবে এষার অংশগ্রহণ শিক্ষার্থীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন। ভিপি (সভাপতি) পদে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের মোস্তাকুর রহমান জাহিদ বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১২,৬৮৭ ভোট, যেখানে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন মাত্র ৩,৩৯৭ ভোট।অন্যদিকে জিএস (সাধারণ সম্পাদক) পদে জয় পেয়েছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার। তিনি পেয়েছেন ১১,৪৯৭ ভোট, যেখানে ছাত্রশিবিরের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫,৭২৭ ভোট। ফলে রাকসুর এবারের নির্বাচনে শিবিরের আধিপত্য স্পষ্ট হলেও কিছু পদে অন্য প্যানেলও সাফল্য দেখিয়েছে।নির্বাচনে পরাজয়ের পর শুক্রবার সকালে নিজের ফেসবুক আইডিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এষা। তিনি লিখেছেন, “শিক্ষার্থীদের রায়ই চূড়ান্ত! সকলের এত ভালোবাসা পেয়েছি যা অকল্পনীয়। আপনাদের প্রতি আমি চির কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসার প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমি ছিলাম, আছি এবং থাকব।” পাশাপাশি নবনির্বাচিত সকল রাকসু প্রতিনিধিদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।রাকসু নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ ৩৪ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চার পুনরুজ্জীবন ঘটেছে বলে মনে করছেন অনেক শিক্ষার্থী ও বিশ্লেষক।
সূত্র : আমার দেশ
