Falcon Feed

২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রি এক মিলিয়ন ছাড়াল — ভক্তদের উচ্ছ্বাসে রেকর্ড আগ্রহ

২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রি এক মিলিয়ন ছাড়াল — ভক্তদের উচ্ছ্বাসে রেকর্ড আগ্রহ

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ইতোমধ্যেই এক মিলিয়নেরও বেশি টিকিট বিক্রি হয়েছে বলে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক ঘোষণায় জানিয়েছে ফিফা। এটি হবে ইতিহাসের প্রথম বিশ্বকাপ, যা যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ফিফা জানায়, টিকিট বিক্রির শুরুতেই ভক্তদের এমন সাড়া বিশ্বকাপের ইতিহাসে নজিরবিহীন।সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে আয়োজক তিন দেশের ভক্তদের কাছে। এরপরের অবস্থানে আছে ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, স্পেন, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্সের ভক্তরা। এখন পর্যন্ত ২১২টি দেশ ও অঞ্চল থেকে টিকিট কেনা হয়েছে, যদিও ৪৮টি দলের মধ্যে মাত্র ২৮টি দলই আনুষ্ঠানিকভাবে কোয়ালিফাই করেছে। ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, “বিশ্বের সবচেয়ে বড় ও অন্তর্ভুক্তিমূলক বিশ্বকাপকে ঘিরে এমন বিপুল আগ্রহ প্রমাণ করে ফুটবল মানুষকে একত্রিত করার শক্তি রাখে।”ফিফার পুনর্বিক্রয় প্ল্যাটফর্মে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অনুষ্ঠিতব্য ফাইনালের টিকিটের দাম বর্তমানে ৯,৫৩৮ ডলার থেকে ৫৭,৫০০ ডলারের মধ্যে বিক্রি হচ্ছে। তবে ফিফা এখনো বিস্তারিত মূল্য তালিকা বা ম্যাচভিত্তিক টিকিটের দাম প্রকাশ করেনি। প্রথম ধাপের ক্রেতাদের ৪.৫ মিলিয়ন আবেদনকারীর মধ্যে থেকে লটারির মাধ্যমে বেছে নেওয়া হয়েছিল।আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হবে পরবর্তী ধাপের টিকিট বিক্রি, যেখানে একক ম্যাচ ও নির্দিষ্ট দলের ম্যাচের টিকিট পাওয়া যাবে। মোট ১৬টি ভেন্যুতে ১০৪টি ম্যাচের জন্য প্রায় ৭.১ মিলিয়ন আসন থাকবে। সবচেয়ে সস্তা টিকিটের দাম ৬০ ডলার থেকে শুরু হলেও প্রিমিয়াম আসনের ক্ষেত্রে দাম অনেক বেশি, এমনকি যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচের একটি পুনর্বিক্রয় টিকিটের দাম ইতোমধ্যেই ৬১,০০০ ডলার ছাড়িয়েছে।অন্যদিকে, এনবিএ তারকা লুকা ডনচিচকে লস অ্যাঞ্জেলেস ভেন্যুর অফিসিয়াল অ্যাম্বাসেডর ঘোষণা করেছে ফিফা। ফুটবলের প্রতি আজীবন অনুরাগী এই বাস্কেটবল তারকা বলেছেন, “ফুটবল এমন একটি খেলা যা বিশ্বজুড়ে সংস্কৃতিকে একত্রিত করে—এর অংশ হতে পেরে আমি গর্বিত।”

সূত্র : ঢাকা ট্রিবিউন

Related Articles