রাজধানীর বাজারে ধীরে ধীরে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি, তবে এখনই দামে তেমন স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। সাগর ও নদ-নদীতে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা থাকায় মাছের যোগান কমে গেছে, যার প্রভাব পড়েছে বাজারে। মাছের দাম এখনো বেশ চড়া, ফলে সীমিত আয়ের মানুষদের জন্য বাজার করা কঠিন হয়ে পড়েছে।শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবজির দাম কিছুটা কমলেও তা এখনও নাগালের বাইরে। বেগুন, শসা, শিম ও টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকায়। কাঁচামরিচের দাম কিছুটা কমে ২০০ টাকায় নেমে এসেছে, তবে তাল বেগুনের দাম ১৫০ টাকা কেজি। পেপে ছাড়া ৬০ থেকে ৭০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। ব্যবসায়ীরা জানান, আরও ২০-২৫ দিনের মধ্যে সবজির দাম স্বাভাবিক পর্যায়ে চলে আসবে।অন্যদিকে, মাছের বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে। ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকায় নদী ও সমুদ্রের মাছের যোগান কমে গেছে। ফলে চাষের মাছের চাহিদা বেড়েছে এবং দামও অনেক বেড়েছে। এখন রুই-কাতলা প্রতি কেজি ৪৫০-৫০০ টাকার নিচে নেই, আইড়-বোয়াল বিক্রি হচ্ছে ৬০০ থেকে ১,০০০ টাকায়। চিংড়ির দামও কেজিতে ১,০০০ থেকে ১,২০০ টাকায় দাঁড়িয়েছে।এছাড়া বোয়াল ৮০০-১,০০০, কোরাল ৮৫০-৯০০, আইড় ৭০০-৮০০, তেলাপিয়া ১৮০-২২০, পাঙাশ ২০০, ট্যাংরা ৫৫০-৬০০, পাবদা ৩৫০-৪০০ এবং শিং ৪০০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে।অন্যদিকে, ডিমের দাম কিছুটা কমলেও তেল, চিনি ও লবণের বাজারে তেমন পরিবর্তন দেখা যায়নি। গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত আছে—প্রতি কেজি গরুর মাংস ৭৬০-৮০০ টাকা, খাসির ১,২০০ টাকা এবং ছাগলের ১,১০০ টাকা। ব্রয়লার মুরগি ১৭৫-১৮০ টাকায় অপরিবর্তিত থাকলেও লেয়ার মুরগির দাম বেড়ে হয়েছে ৩২০-৩৩০ টাকা।সামগ্রিকভাবে দেখা যাচ্ছে, শীতের আগমনী বার্তা নিয়ে সবজি বাজারে নড়াচড়া শুরু হলেও মাছ-মাংসের দামে স্বস্তির কোনো লক্ষণ এখনো নেই।
সূত্র : যমুনা টিভি
