লালমনিরহাটের আদিতমারী উপজেলার কামলাবাড়ি ইউনিয়নের বড় কামলাবাড়ি পশ্চিমপাড়ায় ড্রেন খননের সময় একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বাসিন্দা ৭৫ বছর বয়সী আব্দুল আজিজ নিজের বাড়ির পাশের ড্রেন পরিষ্কার করার সময় গ্রেনেডটি প্রথম দেখতে পান। সন্দেহজনক বস্তুটি দেখে তিনি প্রতিবেশীদের জানান, পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে।
আজিজ জানান, খনন করার সময় বস্তুটি দেখে প্রথমে সন্দেহ হয়, পরে বুঝতে পারেন এটি গ্রেনেডের মতো। তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এই এলাকায় মুক্তিযোদ্ধারা অবস্থান নিতেন, গ্রেনেডটি সম্ভবত তখনকার সময়ের অবশিষ্ট।
আদিতমারী থানার ওসি আলী আকবর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্রেনেডটি মুক্তিযুদ্ধকালীন সময়ের। গ্রেনেডটি নিরাপদে থানায় রাখা হয়েছে এবং নিয়ম অনুযায়ী তা নিষ্ক্রিয় করা হবে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সূত্র : ঢাকা ট্রিবিউন
