বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা আবারও অবনতি ঘটেছে। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। শনিবার ভোর থেকেই হাসপাতাল এলাকায় দলীয় নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। নেতাদের উপস্থিতি ও নানামুখী মন্তব্যে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে।
শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী হাসপাতালে পৌঁছান। মির্জা ফখরুল জানান, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং সবার দোয়া প্রয়োজন। রাত ২টার দিকে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এসে বলেন, তিনি সচেতন থাকলেও অবস্থার স্থিতিশীলতা নেই।
মধ্যরাতে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল হাসপাতালে গিয়ে ফিরে সামাজিক মাধ্যমে জানান, খালেদা জিয়ার অবস্থা মোটেই ভালো নয় এবং সবার দোয়া কামনা করেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোনির হায়দারসহ আরও অনেকে হাসপাতালে যান।
এদিকে চিকিৎসা নিয়ে গণমাধ্যমের ব্যাপক উপস্থিতি ছিল রাতভর। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস পুরো জাতির কাছে দোয়া চেয়ে বলেন, সরকার তার চিকিৎসায় কোনো ঘাটতি রাখবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে জানান, ড. ইউনুস নিয়মিত খোঁজখবর রাখছেন।
জনসমাগম বাড়তে থাকায় বিএনপি নেতাকর্মীদের হাসপাতালে ভিড় না করার আহ্বান জানিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার ফুসফুস ও হৃদপিণ্ডে সংক্রমণ রয়েছে এবং তিনি বিশেষজ্ঞ ডা. শহাব উদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
সূত্র : ঢাকা ট্রিবিউন
