Falcon Feed

লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট

লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট

জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এখনো উদ্ধার না হওয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট আবেদন করা হয়েছে। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। রিটে বলা হয়েছে, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার এবং নির্বাচনের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচন আয়োজন করা সংবিধানবিরোধী ও জনগণের জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

রিট আবেদনে মন্ত্রিপরিষদসচিব, স্বরাষ্ট্রসচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং র‍্যাবের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়, বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় থেকে প্রায় ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫১ হাজার ৬০৯ রাউন্ড গোলাবারুদ লুট হয়ে যায়।

অত্যন্ত উদ্বেগজনক বিষয় হলো, সরকার এসব অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করলেও এর একটি বড় অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে এই অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের হাতে থেকে যাচ্ছে, যা আসন্ন সংসদ নির্বাচনে ভোটার, প্রার্থী এবং সংশ্লিষ্ট সবার জীবনের জন্য বড় হুমকি তৈরি করেছে। রিটে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির গুলিতে নিহত হওয়ার ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে বলা হয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার না হলে নির্বাচন সহিংস ও রক্তক্ষয়ী হয়ে উঠতে পারে।

রিট আবেদনে আরও বলা হয়, একজন নির্বাচন কমিশনারও প্রকাশ্যে জানিয়েছেন যে নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার অত্যন্ত জরুরি। যদিও সরকার কিছু সংসদ সদস্য পদপ্রার্থীর জন্য গানম্যানের ব্যবস্থা করেছে, তবে সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না করেই নির্বাচন আয়োজন করা হলে তা সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী ভোটার ও প্রার্থীদের ‘জীবনের অধিকার’-এর চরম লঙ্ঘন হবে বলে রিটে উল্লেখ করা হয়েছে।

সূত্র : Kaler kontho

Related Articles