Falcon Feed

কড়াইলবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি তারেক রহমানের, বাসস্থান–শিক্ষা–চিকিৎসায় সমান সুযোগের আশ্বাস

কড়াইলবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি তারেক রহমানের, বাসস্থান–শিক্ষা–চিকিৎসায় সমান সুযোগের আশ্বাস

ঢাকার কড়াইল বস্তিবাসীর পাশে থাকার দৃঢ় আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেছেন, কড়াইল তার নিজের এলাকা, এখানকার মানুষ তার আপনজন—বিপদে-আপদে সাধ্যমতো তিনি কড়াইলবাসীর পক্ষে থাকবেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে মহাখালীর টি অ্যান্ড টি মাঠে কড়াইলবাসীর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দালানে থাকা সন্তানের মতোই কড়াইল বস্তির সন্তানরাও সমান সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রাখে। তাদের জন্য মানসম্মত শিক্ষা, খেলাধুলার পরিবেশ এবং বিদেশি ভাষা শেখার সুযোগ নিশ্চিত করতে বিএনপি পরিকল্পনা গ্রহণ করবে। একইসঙ্গে চিকিৎসাসেবাও যেন সহজলভ্য হয়, সে লক্ষ্যে এলাকার মধ্যেই ক্লিনিক ও হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

কড়াইলের বাসস্থান সমস্যার প্রসঙ্গে তিনি বলেন, এখানকার মানুষ দীর্ঘদিন ধরে কষ্টের মধ্যে বসবাস করছে। এই কষ্ট লাঘবে পরিকল্পিতভাবে উঁচু ভবন নির্মাণ করে কড়াইলবাসীদের নামে নিবন্ধিত ছোট ছোট ফ্ল্যাট হস্তান্তরের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষগুলোর জন্য স্থায়ী মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করা হবে।

শিশুদের উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, শুধু স্কুল ভবন নির্মাণ নয়, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার জন্য মাঠ ও উপযুক্ত পরিবেশ তৈরির দিকেও গুরুত্ব দেওয়া হবে। স্বাস্থ্যসেবাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার বিএনপির বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে কড়াইল এলাকায় প্রয়োজনীয় চিকিৎসা অবকাঠামো গড়ে তোলার আশ্বাস দেন তিনি।

এছাড়া তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎ ও পানির নামে জোরপূর্বক অতিরিক্ত অর্থ আদায়ের মতো অনিয়ম বন্ধ করা হবে। মিটার অনুযায়ী বিল পরিশোধের বাইরে কেউ কিছু নিতে পারবে না। নির্যাতন ও হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

নারীদের ক্ষমতায়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, খালেদা জিয়ার সময় ফ্রি শিক্ষার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা আরও এগিয়ে নিতে বিএনপি চায় নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে। এজন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে মা-বোনদের সরাসরি সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন।

সূত্র : যমুনা টিভি

Related Articles