মহাকাশ জয়ের ইতিহাসে এক অবিচ্ছেদ্য নাম যুক্তরাষ্ট্রের নাসা নভোচারী জিম লোভেল আর নেই। বৃহস্পতিবার (৭ আগস্ট) যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের লেক ফরেস্টে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। নাসা এক বিবৃতিতে তার মৃত্যু সংবাদ জানায় এবং তার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।১৯২৮ সালে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে জন্ম নেওয়া জিম লোভেল ১৯৬২ সালে নাসায় নভোচারী হিসেবে যোগ দেন। তার মহাকাশ জীবনে তিনি চারটি গুরুত্বপূর্ণ অভিযানে অংশ নেন— “জেমিনি-৭”, “জেমিনি-১২”, “অ্যাপোলো-৮” এবং “অ্যাপোলো-১৩”। ১৯৬৮ সালের অ্যাপোলো-৮ মিশনে প্রথমবারের মতো মানুষ চাঁদের কক্ষপথে পৌঁছায়, যা ছিল ইতিহাসে একটি মাইলফলক।তবে তাকে সবচেয়ে বেশি খ্যাতি এনে দেয় ১৯৭০ সালের অ্যাপোলো-১৩ অভিযান। ১১ এপ্রিল নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ হওয়া এই মিশনের লক্ষ্য ছিল চাঁদের ফ্রা মাউরো এলাকায় অবতরণ করা। কিন্তু লক্ষ্য পূরণের আগেই মহাকাশযানে দুর্ঘটনা ঘটে। অক্সিজেন ট্যাংকের বিস্ফোরণে মিশন বাতিল করতে হয় এবং নভোচারীরা জীবন-মৃত্যুর ঝুঁকিতে পড়েন। কমান্ডার হিসেবে জিম লোভেল অসাধারণ নেতৃত্ব ও ঠাণ্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলা করে পুরো ক্রুকে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনেন। এই নেতৃত্ব বিশ্বজুড়ে প্রশংসিত হয় এবং নেতৃত্বের উৎকৃষ্ট উদাহরণ হিসেবে চিহ্নিত হয়।মহাকাশ গবেষণা ও অভিযানে জিম লোভেলের অবদান নাসা ও বিশ্ব ইতিহাসে অমলিন হয়ে থাকবে। তার সাহস, দক্ষতা ও নেতৃত্ব ভবিষ্যতের নভোচারী ও বিজ্ঞানীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। তার মৃত্যুতে বিশ্ব মহাকাশ গবেষণা অঙ্গন এক কিংবদন্তি ব্যক্তিত্বকে হারালো।
সূত্র : ঢাকা ট্রিবিউন
