সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদাপাথর এখন এক ভয়াবহ লুটের শিকার। প্রতিনিয়ত পাথর লুটের কারণে এই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এখন মরুভূমিতে পরিণত হচ্ছে। এমন প্রেক্ষাপটে অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন। সম্প্রতি এই ভয়াবহ লুটপাটের ঘটনা তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার (১৩ আগস্ট) দুদকের নয় সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দল সাদাপাথর এলাকা পরিদর্শন করেছে। তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে এই লুটপাটের পেছনের তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন। দুদকের পাশাপাশি পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
দুদকের প্রতিনিধি দল জানিয়েছে, এই লুটপাটের ঘটনায় একটি বিস্তারিত তদন্ত প্রতিবেদন তৈরি করা হবে। তদন্তে যাদের বিরুদ্ধে অনিয়ম পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তারা মনে করছেন, এমন ঘটনা ঠেকাতে স্থানীয় প্রশাসনের আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল।
স্থানীয় পরিবেশকর্মী ও ব্যবসায়ীদের হিসাব অনুযায়ী, গত এক বছরে সাদাপাথর থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য দুই শত কোটি টাকারও বেশি! গত বছরের ৫ আগস্টের পর থেকে এই লুটপাট নির্বিঘ্নে চলছে বলে তারা জানান।
প্রাকৃতিক সৌন্দর্যের আধার সাদাপাথরের এমন করুণ পরিণতিতে শঙ্কিত স্থানীয় জনগণ ও পরিবেশকর্মীরা। তাদের দাবি, দ্রুত এই লুটপাট বন্ধ করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাদাপাথরের প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। দুদকের এই তদন্তে কি আসল অপরাধীরা ধরা পড়বে? নাকি এটিও সময়ের সাথে চাপা পড়ে যাবে? এসব প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করছে সিলেটের সচেতন মহল।
Source: JamunaTV
