Falcon Feed

গাজা যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ, গ্রেপ্তার অন্তত ৩৮ জন

গাজা যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ, গ্রেপ্তার অন্তত ৩৮ জন

গাজায় যুদ্ধবিরতি ও হামাসের কাছে আটক জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রবিবার (১৭ আগস্ট) হাজার হাজার মানুষ হাতে জাতীয় পতাকা ও জিম্মিদের ছবি নিয়ে জেরুজালেম, তেল আবিবসহ বিভিন্ন শহরের রাস্তায় নামেন। বিক্ষোভকারীরা স্লোগান, হর্ণ ও ড্রামের মাধ্যমে প্রতিবাদ জানায়। অনেক জায়গায় সড়ক অবরোধ করা হয়, ফলে রাজধানী ও প্রধান শহরগুলোর পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে।তেল আবিবের পাবলিক স্কয়ারে জিম্মি মাতান অ্যাংরেস্টের মা আনাত অ্যাংরেস্ট সাংবাদিকদের বলেন, “আজ সবকিছু থমকে গেছে সর্বোচ্চ মূল্যবোধকে স্মরণ করতে, এটাই জীবনের স্বার্থকতা।” বিক্ষোভে অংশ নেন হলিউড অভিনেত্রী গাল গ্যাডটও, যিনি ওয়ান্ডার ওম্যান এবং ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন।এই দেশব্যাপী বিক্ষোভে যোগ দেওয়ার জন্য অনেক ব্যবসা প্রতিষ্ঠান কর্মীদের অনুমতি দিলেও বেশ কিছু প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছিল, কারণ এটি ছিল কর্মদিবস। পুলিশ জানিয়েছে, বিক্ষোভ চলাকালে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ায় অন্তত ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিকেল ৪টার দিকে তেল আবিব ও জেরুজালেমে ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক সংকেত বাজতে শুরু করলে বিক্ষোভ কিছুক্ষণের জন্য থেমে যায়। ইসরায়েলি সেনারা পরে নিশ্চিত করে যে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।এদিকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মন্ত্রিসভার বৈঠকে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, “যারা হামাসের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ ছাড়া যুদ্ধবিরতি চাইছে, তারা হামাসকে আরও শক্তিশালী করছে এবং জিম্মিদের মুক্তির পথকে দীর্ঘায়িত করছে।” তিনি আরও বলেন, এমন দাবি ৭ অক্টোবরের ঘটনার পুনরাবৃত্তির ঝুঁকি তৈরি করবে।নেতানিয়াহুর ডানপন্থি সরকার গাজা দখলে দৃঢ়প্রতিজ্ঞ বলে ঘোষণা দিয়েছে। যদিও এখনো বড় অংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে আসেনি। এ সিদ্ধান্ত নিয়ে জিম্মিদের পরিবার ও সাধারণ জনগণের মধ্যে বিভাজন তৈরি হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, সামরিক অভিযান জোরদার হলে জিম্মিদের জীবন আরও ঝুঁকির মুখে পড়বে। ইসরায়েলের ধারণা, হামাসের কাছে এখনও প্রায় ৫০ জন জিম্মি রয়েছে, এর মধ্যে অন্তত ২০ জন জীবিত থাকতে পারে।

সূত্র : চেনেল ২৪

Related Articles