ঢাকা, ২৫ আগস্ট, ২০২৫: রাজধানীর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানকে বদলি করার খবরে এলাকাজুড়ে আনন্দের বন্যা বয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা এই বদলিকে স্বাগত জানিয়ে একে অপরের মাঝে মিষ্টি বিতরণ করেছেন, এমনকি থানার সামনেও মিষ্টি নিয়ে যেতে দেখা গেছে অনেককে। রোববার (২৪ আগস্ট) বিকেলে এই ঘটনা ঘটে।
দীর্ঘদিন ধরেই ওসি আলী ইফতেখার হাসানের বিরুদ্ধে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল। তার বিরুদ্ধে ১০ লাখ টাকার মাদক মামলা গায়েব করে দেওয়া, মাদক কারবারি ও কিশোর গ্যাংদের সঙ্গে সখ্যতা এবং সাধারণ মানুষকে হয়রানিসহ একাধিক গুরুতর অভিযোগ ওঠে। এসব অভিযোগের প্রেক্ষিতে স্থানীয়রা বেশ কয়েকবার মোহাম্মদপুর থানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে তার অপসারণের দাবি জানান।
এর প্রতিক্রিয়ায়, ওসির পক্ষে মোহাম্মদপুর টাউন হল এলাকায় জেনেভা ক্যাম্পের কিছু মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের দিয়ে একটি পাল্টা মানববন্ধন করানো হয় বলে অভিযোগ রয়েছে, যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এছাড়া, সম্প্রতি একটি ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীর সঙ্গে ওসি আলী ইফতেখার হাসানের দুর্ব্যবহারের অভিযোগ উঠলে তিনি আবারও ব্যাপক সমালোচিত হন।
পুলিশের একটি সূত্র জানায়, ইফতেখার হাসানের বিরুদ্ধে পুলিশ হেডকোয়ার্টারে প্রায় ৩৭টি লিখিত অভিযোগ জমা পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, তার সময়ে মোহাম্মদপুরে চুরি, ছিনতাই ও মাদক ব্যবসা আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছিল এবং থানায় সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন।
এক বাসিন্দা বলেন, “ওসি ইফতেখার হাসানের বদলিতে আমরা এলাকাবাসী খুবই আনন্দিত। তার বিদায়ের খুশিতে আজ মিষ্টি বিতরণ করা হয়েছে। একজন দুষ্টু ওসির কবল থেকে মোহাম্মদপুরবাসী মুক্তি পেয়েছে।”
তবে, নিজের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করেছেন আলী ইফতেখার হাসান। বদলির বিষয়ে তিনি বলেন, “আমাকে সরকারি নিয়মেই বদলি করা হয়েছে। আমার বিরুদ্ধে যত অভিযোগ, সেগুলো বিভিন্ন সংস্থা তদন্ত করে সত্যতা পেলে ব্যবস্থা নিতো। যেহেতু বদলির আদেশে কোনো কিছু উল্লেখ নেই, তাই আমি মনে করছি এটা স্বাভাবিক নিয়মেই বদলি করা হয়েছে।”
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলীর স্বাক্ষর করা এক অফিস আদেশে ওসি ইফতেখারসহ তিন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়। আদেশ অনুযায়ী, মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসানকে ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন শাহ আলী থানার ওসি কাজী মো. রফিক আহমেদ। অন্যদিকে, ডিএমপির পরিবহন শাখার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজমকে শাহ আলী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
Source: Somoynews
