Falcon Feed

সুনামগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

সুনামগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মা-মেয়েসহ তিনজন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের পুরান বাড়ির সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই অটোরিকশার চালক সজল গোপ এবং যাত্রী আঁখি চৌধুরী নিহত হন। আঁখির মেয়ে প্রথমা চৌধুরী গুরুতর আহত অবস্থায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।নিহত আঁখি চৌধুরী সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা ছিলেন। তার মেয়ে প্রথমা স্থানীয় সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। অটোরিকশাচালক সজল গোপ শহরের নবীনগর এলাকার বাসিন্দা। হঠাৎ এই মর্মান্তিক দুর্ঘটনায় তাদের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে। ঘটনার পর পরই ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয়রা জানান, মহাসড়কটিতে অতিরিক্ত গতি ও অসতর্ক চালনা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুর্ঘটনাপ্রবণ এলাকাটিতে যান চলাচল নিয়ন্ত্রণে আনার দাবি জানানো হয়।সড়ক দুর্ঘটনা প্রতিদিনই দেশে অসংখ্য প্রাণ কেড়ে নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, চালকদের প্রশিক্ষণ ও নিয়মিত তদারকি ছাড়া দুর্ঘটনা কমানো সম্ভব নয়। সুনামগঞ্জের এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও প্রমাণ করলো, সড়ক নিরাপত্তা এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সূত্র : যমুনা টিভি

Related Articles