ভারতের রাজস্থান রাজ্যের জয়পুর-আজমের জাতীয় সড়কে গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্যাঙ্কার ও ট্রাকের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বুধবার (৮ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে, যা মুহূর্তেই ভয়াবহ আগুন ও একের পর এক বিস্ফোরণে রূপ নেয়।স্থানীয় সূত্রে জানা যায়, গ্যাস সিলিন্ডার বোঝাই ট্যাঙ্কারটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় হঠাৎ পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক জোরে ধাক্কা দেয় ট্যাঙ্কারটিতে। সংঘর্ষের তীব্রতায় ট্যাঙ্কারের গ্যাস সিলিন্ডারগুলোতে আগুন ধরে যায় এবং মুহূর্তেই প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। আগুনের শিখা দূর থেকে দেখা যায়, বিস্ফোরণের শব্দও শোনা যায় কয়েক কিলোমিটার দূর পর্যন্ত।জয়পুর রেঞ্জের আইজি রাহুল প্রকাশ জানিয়েছেন, দুর্ঘটনায় ট্যাঙ্কারের চালকসহ অন্তত দুই থেকে তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। চিফ মেডিক্যাল অফিসার রবি শেখাওয়াত জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হলেও তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন।পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তবে আগুন ও বিস্ফোরণের তীব্রতায় সড়কের দু’দিকের যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনাস্থলের আশপাশের এলাকা নিরাপত্তার কারণে ঘেরাও করা হয়েছে এবং সেখানকার বাসিন্দাদের দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।এদিকে, দুর্ঘটনার পর থেকে ট্রাকটির চালক ও সহকারী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান চলছে। স্থানীয়রা বলছেন, বিস্ফোরণের কারণে আশেপাশের ঘরবাড়িতেও কম্পন অনুভূত হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাস্থলের ছবি ও ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে আগুনে পুড়ছে ট্যাঙ্কার ও ট্রাকের ধ্বংসাবশেষ। দুর্ঘটনার পর হাইওয়েতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে।
সূত্র : যমুনা টিভি
