Falcon Feed

দাবি আদায় না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি এনসিপির

দাবি আদায় না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি এনসিপির

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর না করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত ঐতিহাসিক এই স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দল অংশ নিলেও এনসিপি সই থেকে বিরত থাকে। এ নিয়ে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে— সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে স্পষ্টতা না এলে তারা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামবে।এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “জুলাই সনদের অনেক দিক এখনো অস্পষ্ট। বাস্তবায়নের পথ খোলাসা না হলে আমাদের সমস্ত অর্জন বৃথা যাবে।” তিনি জানান, ঐকমত্য কমিশনের সময়সীমার মধ্যেই সনদ বাস্তবায়নের খসড়া আদেশ, বিতর্কিত বিষয়গুলোর সমাধান এবং সংবিধান সংস্কারের রেফারেন্স হিসেবে ২০২৬ সালের সংবিধানের উল্লেখ চাইছে এনসিপি।দলটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হবে। আখতার হোসেন বলেন, “আমরা কমিশনের সঙ্গে আলোচনায় আছি। কিন্তু গাফেলতি দেখা দিলে অবশ্যই জনগণকে সঙ্গে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেব।”এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক সংবাদ সম্মেলনে জুলাই সনদে স্বাক্ষরের জন্য তিনটি দাবি তুলে ধরেন—১️⃣ জুলাই সনদ বাস্তবায়নের খসড়া আদেশ প্রকাশ করতে হবে স্বাক্ষরের আগেই।২️⃣ খসড়া আদেশ সরকার প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের স্বাক্ষরে জারি করতে হবে।৩️⃣ সনদের বৈধতার উৎস হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানকে উল্লেখ করতে হবে।নাহিদ ইসলাম আরও বলেন, “৮৪ দফা সংস্কারের বিষয়ে গণভোটের প্রশ্ন ও প্রক্রিয়া আগেই নির্ধারণ করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে তা দেখাতে হবে।” তিনি সতর্ক করেন, “এই শর্তগুলো নিশ্চিত না করে সনদে স্বাক্ষর করা মানে জনগণের সঙ্গে ছলচাতুরী।”অন্যদিকে, জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে, যারা শুক্রবার সই করেনি, তারা চাইলে পরবর্তীতে সনদে যোগ দিতে পারবে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এনসিপির এই অবস্থান সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় নতুন চাপ সৃষ্টি করতে পারে।

সূত্র : আমার দেশ

Related Articles