ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকে সম্মান জানাতে তার ঘর বলে পরিচিত ক্যাম্প ন্যুতে ভাস্কর্য নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে এফসি বার্সেলোনা। ক্লাবের দীর্ঘদিনের দাবিকৃত এই উদ্যোগটি নিশ্চিত করেছেন বার্সার ভাইস প্রেসিডেন্ট এলেনা ফোর্ট। বার্সা ইউনিভার্সালের প্রতিবেদনে বলা হয়, মেসির বার্সায় দুই দশকের অসাধারণ অবদানকে স্মরণীয় করে রাখতেই নেয়া হয়েছে এই উদ্যোগ। লিওনেল মেসি বার্সেলোনায় যোগ দেন অল্প বয়সে এবং অত্যন্ত দ্রুতই তিনি হয়ে ওঠেন ক্লাবটির সর্বকালের সেরা খেলোয়াড়। ২০ বছরের বেশি সময় বার্সায় কাটিয়ে তিনি ক্লাবকে উপহার দিয়েছেন ৩৪টি শিরোপা, যার মধ্যে রয়েছে ১০টি লা লিগা, ৪টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং অসংখ্য ব্যক্তিগত অর্জন। তার অতুলনীয় নৈপুণ্য, গোল, অ্যাসিস্ট এবং নেতৃত্ব বার্সেলোনাকে বিশ্ব ফুটবলের শীর্ষে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ২০২১ সালের আগস্টে আর্থিক জটিলতার কারণে বার্সেলোনা ছাড়তে বাধ্য হন মেসি। সেই সময় তিনি প্রত্যাশা মতো বিদায়ী সম্মান পাননি বলে জানানো হয়। এ কারণে বার্সা সমর্থক ও ক্লাব উভয়ের মধ্যেই একধরনের আক্ষেপ রয়ে গিয়েছিল। তবে এবার সেই আক্ষেপ ঘুচিয়ে মেসির বার্সার প্রতি অবদানের শ্রদ্ধা জানানো হবে আনুষ্ঠানিকভাবে। বর্তমানে ক্যাম্প ন্যুতে সংস্কার কাজ চলমান। ক্লাব কর্তৃপক্ষের পরিকল্পনা, এই নতুন রূপ পাওয়া স্টেডিয়ামের অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ হবে মেসির ভাস্কর্য। ভাস্কর্যের নকশা তৈরির কাজও চলছে বলে জানিয়েছেন সভাপতি হোয়ান লাপোর্তা। সাম্প্রতিক এক বইয়ের অনুষ্ঠানে তিনি বলেন, ‘মেসির প্রতি সম্মান জানিয়ে একটি স্থায়ী ভাস্কর্য নির্মাণের কাজ শুরু হয়েছে।’ ভাইস প্রেসিডেন্ট এলেনা ফোর্ট এই বিষয়টি পুনরায় নিশ্চিত করে জানান যে, মেসি শুধু একজন খেলোয়াড় নন, বরং ক্লাবের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। তার ভাস্কর্য বার্সার ভবিষ্যৎ প্রজন্মকে মেসির স্মরণীয় অবদান ও বার্সার সোনালি যুগের কথা মনে করিয়ে দেবে। এ উদ্যোগকে বার্সা ভক্তরা অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। অনেকেই মনে করছেন, এটি মেসির প্রতি ক্লাবের দীর্ঘদিনের শ্রদ্ধা প্রদর্শনের সবচেয়ে সঠিক উপায়।
