Falcon Feed

বিজয়নগরে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের ওসমান হাদি, আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে

বিজয়নগরে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের ওসমান হাদি, আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে

ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় গুরুতর গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে এ হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত তার সহকর্মী জানান, জুম্মার নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে কথা বলে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার উদ্দেশ্যে রিকশায় ওঠেন হাদি। ঠিক সেই সময় দুটি মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত বন্দুকধারীরা খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

বুলেটটি তার বাম কানের নিচে, অর্থাৎ চোয়ালের নিচের অংশে আঘাত করে। এতে হাদি মুহূর্তেই রক্তাক্ত হয়ে পড়েন। সঙ্গে থাকা তার দলীয় সহকর্মীরা দ্রুত তাকে রিকশাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় এবং জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু হয়। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, হাদির জন্য চার ব্যাগ রক্তের প্রয়োজন ছিল যা তার সমর্থক ও অনুসারীরা ইতোমধ্যে সংগ্রহ করেছেন।

ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা বলেন, দুর্বৃত্তরা অত্যন্ত দ্রুত গতিতে মোটরসাইকেলে এসে গুলি করে পালিয়ে যায়। পুরো হামলাটি সুপরিকল্পিত বলে তারা ধারণা করছেন। এদিকে, হামলার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে শুরু করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি করেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ইতোমধ্যে ভিড় করতে শুরু করেছেন হাদির দলীয় নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ। সবার একটাই চাওয়া—ওসমান হাদি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং এ হামলার রহস্য উদঘাটন করা হয়। এখনো পর্যন্ত হামলার উদ্দেশ্য বা হামলাকারীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত তথ্য জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।

সূত্র : যমুনা টিভি

Related Articles