জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে কঠোর অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, হাদির রক্তের সঙ্গে কোনো আপস হবে না এবং খুনিদের বিচারের দাবিতে প্রয়োজনে সরকার পতনের আন্দোলনেও নামবে তারা।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এই ঘোষণা দেন। তিনি বলেন, বিচার এড়িয়ে নির্বাচন আয়োজন করে দায় ঝেড়ে ফেলার সুযোগ অন্তর্বর্তীকালীন সরকার পাবে না। দ্রুত দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য বিচারিক পদক্ষেপ না নিলে ইনকিলাব মঞ্চ রাজপথ ছাড়বে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ জাবের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। জানাজার মাঠে আবেগী বক্তব্য থাকলেও হাদি হত্যার বিচার নিয়ে প্রধান উপদেষ্টার স্পষ্ট ও দৃঢ় অবস্থান নেই বলে অভিযোগ করেন তিনি। জাবের বলেন, জনগণ ড. ইউনূসকে দায়িত্ব দিয়েছে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য, অসহায়ত্ব প্রকাশের জন্য নয়। তদন্তে কারা বাধা দিচ্ছে এবং সরকার কেন দৃঢ় অবস্থান নিতে পারছে না— তা জাতির সামনে পরিষ্কার করতে হবে।
ইনকিলাব মঞ্চ সরকারের কাছে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দুটি প্রধান দাবি উত্থাপন করে। প্রথমত, শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করে একটি বিশেষ দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে। দ্বিতীয়ত, দেশীয় সংস্থাগুলো ব্যর্থ হলে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিক সংস্থার সহায়তা নিতে হবে। অতীতে গুরুত্বপূর্ণ মামলায় আন্তর্জাতিক সহায়তার নজির রয়েছে বলেও উল্লেখ করেন জাবের।
তিনি আরও বলেন, খুনিরা বিদেশে পালিয়ে থাকলে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় তাদের ফিরিয়ে আনতে হবে। হাদি শুধু একজন ব্যক্তি নন; তিনি জুলাই বিপ্লব, স্বাধীনতা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার প্রতীক। সরকার যদি পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডকে আড়াল করতে চায়, তবে রাজনৈতিকভাবে টিকে থাকা তাদের জন্য কঠিন হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিকেল ৩টার বিক্ষোভ মিছিলের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সরকারের সঙ্গে আলোচনা হবে নাকি সরকার পতনের আন্দোলনে নামা হবে— সে সিদ্ধান্ত আসবে কর্মসূচির মাধ্যমেই। হাদির বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক সমঝোতার পথ খোলা নেই বলেও পুনর্ব্যক্ত করে ইনকিলাব মঞ্চ।
সূত্র : ঢাকা পোস্ট
