Falcon Feed

যুবদল কর্মীর কাছে চাঁদা চাওয়ায় পিটুনি বিএনপি কর্মীকে 

যুবদল কর্মীর কাছে চাঁদা চাওয়ায় পিটুনি বিএনপি কর্মীকে 

রাজশাহীর পবা উপজেলায় সড়ক সংস্কার কাজকে কেন্দ্র করে চাঁদা দাবির অভিযোগে বিএনপি ও যুবদল কর্মীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আতাবুর রহমান নামে এক বিএনপি কর্মী গণপিটুনির শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত আতাবুর নওহাটা পৌরসভার বাঘাটা মহলের বাসিন্দা এবং নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ মকবুল হোসেনের অনুসারী বলে জানা গেছে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক)-এ চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, নওহাটা কলেজ মোড় এলাকায় একটি সড়ক সংস্কার কাজ চলছিল। যুবদল কর্মী আজাদ আলী মূল ঠিকাদারের কাছ থেকে মাটি কাটার কাজ পেয়েছেন। অভিযোগ উঠেছে, কাজ শুরুর পরই আতাবুর রহমান আজাদ আলীর কাছে চাঁদা দাবি করেন। আজাদ টাকা দিতে অস্বীকৃতি জানালে ভেকু ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে স্থানীয় লোকজন আতাবুরকে মারধর করেন।

ঘটনার পর আজাদ আলী ও তাঁর ব্যবসায়িক অংশীদার বিপ্লব হোসেন পবা থানায় অভিযোগ জানাতে যান। আজাদের দাবি, তারা থানায় যাওয়ার পর আতাবুর তাঁর লোকজন নিয়ে এসে থানার সামনেই তাঁদের মারধর করেন। সন্ধ্যা পর্যন্ত উভয় পক্ষ থানায় অবস্থান করলেও পুলিশ তাদের আপস-মীমাংসার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আজাদ।

আজাদ আলীর আরও অভিযোগ, আতাবুর রহমান এলাকায় মাদকের ব্যবসার সঙ্গে জড়িত এবং ৫ আগস্টের পর থেকে বিভিন্ন উন্নয়নকাজ ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করছেন। তিনি দাবি করেন, বিএনপির একটি অংশ আতাবুরকে প্রশ্রয় দিচ্ছে।

এ বিষয়ে নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, আজাদ যুবদল কর্মী এবং আতাবুর বিএনপি কর্মী হলেও চাঁদা দাবির কোনো যৌক্তিকতা নেই। তাঁর ভাষ্যমতে, ৫ আগস্টের পর আতাবুর এলাকায় প্রভাব খাটিয়ে মানুষকে হয়রানি করেছেন এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ভয়ভীতি দেখিয়েছেন।

এদিকে আতাবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া গেছে। পবা থানার ওসি আব্দুল মতিন জানান, মারামারির ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছেন এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র : Somoykal

Related Articles