Falcon Feed

ছাত্রদল–ছাত্রশিবিরসহ সব ছাত্রসংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের

ছাত্রদল–ছাত্রশিবিরসহ সব ছাত্রসংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও জুলাই বিপ্লবের চেতনা সংরক্ষণকে সামনে রেখে ছাত্রসংগঠনগুলোর ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি ছাত্রদল ও ছাত্রশিবিরসহ সব ফ্যাসিবাদবিরোধী ছাত্রসংগঠনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।

বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকের শুরুতে তারা সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে শোক বইয়ে স্বাক্ষর করেন। এরপর জুলাই বিপ্লব-পরবর্তী রাজনৈতিক বাস্তবতা, ছাত্রসমাজের ভূমিকা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে ডাকসু ভিপি সাদিক কায়েম সাংবাদিকদের জানান, তারেক রহমান ছাত্রসমাজের ভবিষ্যৎ ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। তিনি বিশেষভাবে জুলাই বিপ্লবের পর ফ্যাসিবাদবিরোধী সব শক্তির ঐক্য ধরে রাখার প্রয়োজনীয়তার কথা বলেন। তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে সাদিক কায়েম বলেন, রাজনীতিতে মতভিন্নতা গণতন্ত্রের সৌন্দর্য হলেও বাংলাদেশ ও জুলাই বিপ্লবের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সাদিক কায়েম আরও জানান, তারেক রহমান বিএনপি, জামায়াতসহ সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল এবং ছাত্রদল, ছাত্রশিবিরসহ সব ছাত্রসংগঠনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জুলাই বিপ্লব দেশবাসীর সামনে একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করেছে। এই সুযোগ কাজে লাগিয়ে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। তবে বিপ্লব-পরবর্তী বিভাজনকে কাজে লাগিয়ে দিল্লির তাঁবেদার ও পতিত ফ্যাসিস্ট শক্তি নতুন করে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ তোলা হয়।

ডাকসু ভিপি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশপন্থি রাজনীতি চর্চা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারই আগামী দিনের প্রধান লক্ষ্য। গত ১৬ বছর ধরে তরুণ প্রজন্ম ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার কথাও তিনি উল্লেখ করেন।

এছাড়া বৈঠকে আধিপত্যবাদবিরোধী আন্দোলনে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গ ওঠে। হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে ছাত্রসমাজ রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

সূত্র : Doinik Ittefak

Related Articles