সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ঘুমন্ত শিশু সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই মায়ের বিরুদ্ধে। নিহতের পরিবারের দাবি, শিশুটির মা মানসিক ভারসাম্যহীন।শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাটরা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শিশুটির নাম খাদিজা খাতুন (দেড় বছর)। সে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙা গ্রামের তৌহিদুজ্জামানের মেয়ে। গ্রেপ্তর নারীর নাম আসমা খাতুন (২৪)।আটক আসমার বোন রেশমা খাতুন জানান, ২০২১ সালে আসমার সঙ্গে একই উপজেলার কুশোডাঙা গ্রামের তৌহিদুজ্জামানের বিয়ে হয়। পরে তাদের তানভীর হোসেন ও খাদিজা খাতুন নামের দুটি সন্তান হয়। সম্প্রতি আসমা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এ কারণে বৃহস্পতিবার তাকে চিকিৎসার জন্য শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি আনা হয়। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আসমা তার মেয়ে খাদিজাকে ঘরের বারান্দায় রেখে ঘুম পাড়াচ্ছিলেন। কিছুক্ষণ পর আসমা রান্নাঘর থেকে ধারালো বঁটি নিয়ে ঘুমন্ত অবস্থায় খাদিজাকে কুপিয়ে হত্যা করেন। পরে প্রতিবেশীরা আসমাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
——–
সূত্র : ঢাকা ট্রিবিউন
——–
